প্রস্তাবই পাননি স্কলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনার্দো, ভ্যান্ডারলি লুক্সেমবার্গদের সঙ্গে শোনা যাচ্ছিল তাঁর নামও। ব্রাজিলের সম্ভাব্য নতুন কোচ হিসেবে যে পাঁচজনের নাম বেশি বাতাসে উড়ছে, তাঁদের মধ্যে সবচেয়ে ফেবারিট ছিলেন লুই ফেলিপ স্কলারি। অথচ ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী কোচ জানালেন, তাঁকে নাকি প্রস্তাবই দেওয়া হয়নি! অবশ্য প্রস্তাব পেলেও যে এই মুহূর্তে সেলেসাওদের কোচ হতে রাজি নন, আকারে-ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন এটাও। তবে উড়িয়ে দেননি ভবিষ্যতে দায়িত্ব নেওয়ার সম্ভাবনা। ওয়েবসাইট।তাঁর হাত ধরে ব্রাজিল বিশ্ব জয় করতে পেরেছে বলেই হয়তো এবারের ব্যর্থ অভিযানের পর সবার আগে উঠে এসেছে স্কলারির নাম। ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জিতিয়েই সরে গিয়েছিলেন স্কলারি। ব্রাজিল দায়িত্ব দিয়েছিল ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের কোচ কার্লোস আলবার্তো পাহেইরাকে। ২০০৬ বিশ্বকাপে পাহেইরার ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় আর স্কলারির পর্তুগালের সেমিফাইনালে ওঠা স্কলারিকে ফিরিয়ে আনার দাবি তুলেছিল ব্রাজিলে। কিন্তু স্কলারি রাজি না হওয়ায় নতুন কোচ করা হয় কার্লোস দুঙ্গাকে।স্কলারি অবশ্য সম্প্রতি ব্রাজিলেই ফিরেছেন। গত পরশু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন পালমেইরাসের। নিয়ে জানালেন আপাতত ব্রাজিলিয়ান ক্লাবটির প্রতিই প্রতিশ্রুতিবদ্ধ তিনি, ‘ব্রাজিলের সম্ভাব্য কোচদের একজন হিসেবে আমাকে বিবেচনা করা হচ্ছে শুনে আমি খুশি ও গর্বিত। কিন্তু আপাতত আমাকে দায়িত্ব দিয়েছে পালমেইরাস। আমি এখন পালমেইরাস কোচ, ব্যস্।’ ব্রাজিলের ফুটবল ফেডারেশন নতুন কোচের নাম ঘোষণা করবে এ মাসের শেষের দিকে।পালমেইরাসের সঙ্গে স্কলারির চুক্তি হয়েছে বিশ্বকাপের আগে। চারবার ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী ক্লাবটিতে দ্বিতীয় দফায় কোচ হলেন তিনি। এর আগে ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত প্রথম মেয়াদে তাঁর কোচিংয়ে একটি ব্রাজিলিয়ান কাপ ছাড়াও পালমেইরাস জিতেছে ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য, ১৯৯৯ কোপা লিবার্তোদোরেস শিরোপা। ২০০২ সালের পর এই প্রথম ব্রাজিলে কোচিং করাচ্ছেন ৬১ বছর বয়সী কোচ। ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত ছিলেন পর্তুগালের কোচ, ক্রিস্টিয়ানো রোনালদোদের নিয়ে গেছেন ২০০৪ ইউরোর ফাইনাল ও ২০০৬ বিশ্বকাপের সেমিফাইনালে। পর্তুগালের কোচের পদ ছাড়ার পর সংক্ষিপ্ত সময়ের জন্য দায়িত্ব নিয়েছিলেন ইংলিশ ক্লাব চেলসি ও উজবেক ক্লাব বেনিয়োদকোরের।আগের দুটি বিশ্বকাপে স্কলারি গিয়েছিলেন কোচ হিসেবে, এবার দক্ষিণ আফ্রিকার একটি টিভির জন্য ধারাভাষ্য দিতে। পালমেইরাসের সঙ্গে তাঁর দুই বছরের চুক্তি শেষ হবে ২০১২ সালের জুনে। সুযোগ পেলে তখন ব্রাজিলের কোচের দায়িত্ব নিলেও নিতে পারেন। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে কোনো জাতীয় দলের কোচ হিসেবে ক্যারিয়ার শেষ করতে চান, এমনটা বেশ কবারই বলেছেন। ২৮ বছরের দীর্ঘ কোচিং ক্যারিয়ারে মাত্র একটি বছরই কোচিং করিয়েছেন ব্রাজিল জাতীয় দলকে। সবচেয়ে বড় অর্জনটাও এই সময়েই, দেশকে জিতিয়েছেন স্বপ্নের ‘পেন্টা।’ এখনো ব্রাজিলের মানুষের ভালোবাসা দেখে উচ্ছ্বসিত স্কলারি, ‘দায়িত্ব ছাড়ার আট বছর পরও মানুষ আমাকে যে চোখে দেখে, সত্যিই অবিশ্বাস্য!’