প্রস্তাবপত্রের বিরুদ্ধে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৭ ও ২৮ জানুয়ারি দুবাইয়ে হওয়া আইসিসির বৈঠকে ‘পজিশন পেপারের’ বিপক্ষেই ছিল তাদের অবস্থান। পরশু শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ভারতীয় বোর্ডের নেতৃত্বে ‘তিন মোড়লের’ পক্ষ থেকে আসা সংশোধিত প্রস্তাবপত্রের তারা বিরুদ্ধে। গত বুধবার কড়া এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়ে দিয়েছে, তাদের নির্বাহী কমিটি পূর্ণ সদস্য হিসেবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের অধিকার ও সুবিধা খর্ব করে এমন যেকোনো পরিকল্পনা প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে। কাল এসএলসি সভাপতি জয়ন্ত ধর্মদাসা প্রস্তাবের আইনগত দিক নিয়ে বোর্ডের আপত্তির কথা জানিয়ে আইসিসিকে চিঠিও দিয়েছেন।
আনুষ্ঠানিক ঘোষণা যে আসবে, সেই ইঙ্গিতটা পাওয়া যাচ্ছিল গত মঙ্গলবারই। শ্রীলঙ্কার স্বাধীনতা দিবসে আবেগের অন্য রকম একটা বাতাবরণ ছিলই। লঙ্কান মিডিয়া তো ‘বিগ থ্রি’ প্রস্তাবের বিপক্ষে একরকম ‘যুদ্ধের’ ডাকই দিয়ে বসে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, এখনই যদি শক্তভাবে রুখে দাঁড়ানো না হয়, তাহলে ক্ষমতা গুটিকয় দেশের কুক্ষিগত হলে ক্রিকেটই ধ্বংস হয়ে যাবে। ‘এমনকি তারা নিজেদের সুবিধার জন্য খেলার নিয়মকানুনও বদলে দিতে পারে। অতীতেও এমন অনেক উদাহরণ আছে। বাউন্সার নিয়মটা তখনকার শক্তিশালী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডই চালু করেছিল। ওয়েস্ট ইন্ডিজকে এভাবেই তারা শেষ করে দিয়েছে। সম্প্রতি ভারতের জন্য ডিআরএস নিয়ম হিসেবে চালু হতে পারছে না। এসব প্রস্তাবপত্রের পেছনে অনেক বিপদ লুকিয়ে আছে’—বলেছেন তিনি।
আনুষ্ঠানিক বিবৃতিতে এসএলসি জানিয়েছে, দেশটির সাবেক অধিনায়ক, বোর্ডের সাবেক সভাপতি, অংশীদার ও ক্রীড়া মন্ত্রণালয়ের সবাইকে নিয়ে নির্বাহী কমিটির বৈঠক হয়েছে। সেখানে সব দৃষ্টিকোণ থেকে আইসিসির পরিচালনা ও রাজস্ব বণ্টন সম্পর্কিত প্রস্তাবপত্রের পূর্ণাঙ্গ বিশ্লেষণ হয়েছে। এরপর সবাই ঐকমত্যে পৌঁছায়, এই প্রস্তাবের বিরুদ্ধেই অবস্থান নেবে শ্রীলঙ্কা। ইএসপিএনক্রিকইনফো।
কালই সিঙ্গাপুরে আইসিসির বৈঠক হবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই), ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) প্রণীত প্রস্তাবপত্রের ভবিষ্যৎ ঠিক হবে ওখানেই। তবে শ্রীলঙ্কার সিদ্ধান্তের পর ‘বিগ থ্রির’ প্রস্তাবপত্র পাস হওয়াটা অনিশ্চিত হয়ে পড়ল। প্রস্তাবটা পাস হতে হলে আইসিসির ১০টি পূর্ণ সদস্যদের অন্তত আটটি ভোট দরকার। দক্ষিণ আফ্রিকা এটার বিরুদ্ধে আগেই অবস্থান নিয়েছে। গত মঙ্গলবার এক বিবৃতিতেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) সেটা জানিয়ে দিয়েছে। পাকিস্তান ও শ্রীলঙ্কাও এবার স্পষ্টতই বিরুদ্ধে অবস্থান নিল।