প্রস্তুত ইতালি-বধের নায়ক
২০০২ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে অন জং-হুয়ান দক্ষিণ কোরিয়ায় হয়ে গিয়েছিলেন মহানায়ক আর ইতালিতে ‘ভিলেন’! এই স্ট্রাইকার তখন ইতালির ক্লাব পেরুজিয়ার হয়ে খেলতেন। অতিরিক্ত সময়ের তাঁরই গোলে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছিল ইতালি!রাগে-ক্ষোভে পেরুজিয়ার মালিক ক্লাব থেকে তাড়িয়েই দিয়েছিলেন অনকে। ‘ইতালির ফুটবলকে ধ্বংস করেছে এমন কাউকে গাঁটের টাকা খরচ করে বেতন দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই’—বলেছিলেন পেরুজিয়ার মালিক। পরে অবশ্য ক্লাব কর্তৃপক্ষ মত পাল্টে স্থায়ী চুক্তির প্রস্তাব দিয়েছিল অনকে। কিন্তু আত্মসম্মানবোধে দীপ্ত অন লোভনীয় প্রস্তাব পায়ে ঠেলে বলেছিলেন, ‘পেরুজিয়ায় যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। বিশ্বকাপের গোলের জন্য প্রশংসা করার বদলে ওরা আমার চরিত্রে আঘাত করেছে।’এই হলেন অন। ২০০২ বিশ্বকাপে যৌথ আয়োজক দক্ষিণ কোরিয়াকে সেমিফাইনাল পর্যন্ত তুলে নিয়ে যাওয়ার অন্যতম কারিগর। মাইকেল বালাকের ৭৫ মিনিটের গোলটি না হলে, কে জানে, সেবার হয়তো জার্মানির বদলে ফাইনালে দেখা যেত ‘এশিয়ার বাঘ’দেরই।ক্যারিয়ারের উত্থান-পতনকে স্বাভাবিক নিয়তি মেনেই এর পর আটটি বছর কাটিয়ে দিয়েছেন বিশ্বকাপে সবচেয়ে বেশি (৩টি) গোল করা এশিয়ান ফুটবলারটি। গত বিশ্বকাপের পর নতুন কোচ পিম ভারবিকের আমলে অবশ্য ব্রাত্য হয়ে পড়েছিলেন দলে। ২০১০ সালে নিজের তৃতীয় বিশ্বকাপে খেলার আশা মাস কয়েক আগে খোদ অন নিজেও করতেন বলে মনে হয় না। তবে আবার ডুবোচরের মতো জেগে উঠেছে আশা। বিশ্বকাপের সম্ভাব্য ৩০ জনের দল ঘোষণা করেছেন দক্ষিণ কোরিয়ার কোচ হু জং-মু। তাতে নাম আছে অনেরও।আর্জেন্টিনা, নাইজেরিয়া আর গ্রিসের সঙ্গে গ্রুপ ‘বি’তে পড়া দক্ষিণ কোরিয়া বড় কিছু করার স্বপ্ন দেখছে বলেই জানালেন কোচ, ‘বিশ্বকাপে যাওয়া বাকি সব দলের মতোই আমাদের দলও শক্তিশালী। কারণ আমাদের প্রতিটি খেলোয়াড়ের আত্মবিশ্বাস আর লড়াকু মেজাজ আছে। তাদের আছে স্বপ্ন, আর আছে লড়াই করার উদগ্র বাসনা।’৩৪ বছর বয়সী অন সেই লড়াকুদের একজন। বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে তুলতে গা ঝাড়া দিয়ে উঠেছেন চীনের প্রথম বিভাগের দল দালিয়ান শাইডের হয়ে খেলা এই স্ট্রাইকার। ভালো ফর্মেও আছেন তিনি। অনের মতো বয়সীরা যেমন আছে, তেমনই ৩০ জনের এই দলটায় কোচ হু ডেকেছেন কিম বু-কিইয়ং, কু জা-চোল, লি সিউং-ইয়েওলদেরও। এই তরুণেরাই গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দলকে নিয়ে গিয়েছিলেন কোয়ার্টার ফাইনালে। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া দক্ষিণ কোরিয়াকেই দেখবে আগামী বিশ্বকাপ।নেতৃত্বের ভার ম্যানইউ তারকা পার্ক জি-সুংয়ের কাঁধেই থাকছে। কিন্তু হু চান, সামনে থেকে পথ দেখান অনও। আরেকটি বিশ্বকাপ, অনের সামনেও আবারও মরচে ধরা মহাতারকার তকমাটিকে ঝা-চকচকে করে নেওয়ার সুযোগ। অন প্রস্তুত! এএফপি।