প্রস্তুত বায়ার্ন, প্রত্যয়ী গার্দিওলা

বায়ার্ন মিউনিখ প্রস্তুত। অডি কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে পেপ গার্দিওলা দিলেন এই আত্মবিশ্বাসী ঘোষণা।
সত্যি প্রস্তুত? মাত্র কয়েক দিন আগে এই দলটাই জার্মান সুপার কাপে ৪-২ গোলে হেরেছে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে। গত মৌসুমের ত্রিমুকুটজয়ী আপাত-অপ্রতিরোধ্য বায়ার্নের অনেক ফাঁকফোকরও বের করে এনেছে সেই ম্যাচ। অডি কাপ নামে প্রাক-মৌসুম প্রস্তুতির এই টুর্নামেন্টের দুটি জয় সেই ফাঁকফোকর বন্ধ করে দিয়েছে—এমন দাবি করেননি পরশুর জয়ের নায়ক বায়ার্ন তারকা টমাস মুলারও, ‘আমাদের অবস্থান বেশ ভালো। কিন্তু এখনো রক্ষণভাগে কিছুটা সমস্যা রয়ে গেছে। আরও কিছু জায়গায় উন্নতি করতে হবে।’ তবে নতুন কোচের নতুন ছকের সঙ্গে যে বায়ার্ন খুব দ্রুত মানিয়ে নিচ্ছে এটা পরিষ্কার। বুন্দেসলিগার নতুন মৌসুম শুরুর সপ্তাহ খানেক আগে হয়তো এটাই সবচেয়ে বেশি চাইছেন বায়ার্নের কোচ পেপ গার্দিওলা।
মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় কাল প্রথম গোলটা অবশ্য করেছিল ম্যানুয়েল পেলেগ্রিনির দল। ৬০ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার আলভারো নেগ্রেদোর গোলে এগিয়ে যায় সিটি। মিনিট পাঁচেক পরই পাবলো জাবালেতার হ্যান্ডবলে পেনাল্টি পায় বায়ার্ন এবং গোল করে সমতা ফেরান মুলার। বায়ার্নের জয়সূচক গোলটিতেও মুলারের অবদান। ৭৩ মিনিটে তাঁর পাস থেকে সমর্থকদের মুখে হাসি ফোটান বায়ার্নের ক্রোট স্ট্রাইকার মারিও মানজুকিচ।
হোক না প্রীতি টুর্নামেন্ট, তবু সাও পাওলো আর ম্যানচেস্টার সিটির বিপক্ষে পরপর দুটি জয় ডর্টমুন্ডের কাছে হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ বুলিয়েছে। ম্যাচ শেষে তাই স্বস্তি গার্দিওলার কণ্ঠেও, ‘আমরা প্রথমার্ধটা ভালো খেলেছি, যদিও যথেষ্ট আক্রমণ করতে পারিনি। তবে কয়েকটি বদলি নামানোর পর দ্বিতীয়ার্ধটা ভালো কেটেছে। আসন্ন মৌসুম নিয়ে আমি আশাবাদী। কোচকে সব সময় আশাবাদী থাকতে হয়।’ এএফপি।