প্রস্তুত ‘বেবি ফেদেরার’
খেলছেন ভালোই। কোর্টে, কোর্টের বাইরেও। কোর্টের বাইরে স্কোরটা অবশ্য ‘লাভ’-এ আটকে আছে। বয়সে তাঁর চেয়ে চার বছরের বড়, শিরোপাসংখ্যায়ও তাঁর চেয়ে চারটি গ্র্যান্ড স্লাম বেশি জেতা স্বর্ণকেশী মারিয়া শারাপোভার সঙ্গে প্রেমটা জোড় বেঁধেছে বেশ কিছুদিন হলো। ‘শারাপোভার প্রেমিক’ পরিচয়ের বাইরে আরও একটি পরিচয় আছে—বেবি ফেদেরার। তাঁর খেলা দেখতে অনেকটা সদ্য তারুণ্যে পা রাখা সেই সময়ের রজার ফেদেরারের মতো। কিন্তু এই দুটো পরিচয়ই অন্যের পরিচয়ে পরিচিত হওয়ার মতো। এবার নিজের পায়ের তলেও শক্ত মাটি চান গ্রিগর দিমিত্রভ। বুলগেরিয়ার এই ২২ বছর বয়সী পরশু প্রথম রাউন্ডে জেতার পর বলেছেন, তাঁর পক্ষে ফ্রেঞ্চ ওপেন জেতাও নাকি অসম্ভব কিছু নয়!গ্র্যান্ড স্লাম জেতা দূরের কথা, কোনো মেজর টুর্নামেন্টেরই তৃতীয় রাউন্ডেও ওঠা হয়নি এখনো। কলম্বিয়ার আলেহান্দ্রো ফায়ার বিপক্ষে অর্ধেকটা খেলেই জিতে যাওয়া (৬-৪, ১-০ থাকা অবস্থায় অবসর নেন ফায়া) দিমিত্রভ দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবেন লুকাস পউলির। এরপর? তৃতীয় রাউন্ডেই তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ!মাত্রই কিছুদিন আগে মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডে জোকোভিচকে তিন ঘণ্টার লম্বা ম্যাচে হারিয়ে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় জয়টি পেয়েছেন। ছয় ফুট দুই ইঞ্চি দীর্ঘ, কোঁকড়ানো চুলের তরুণ তাই ভয় পাচ্ছেন না। প্রথম রাউন্ডে জেতার পর যখন জিজ্ঞেস করা হয়েছিল, চ্যাম্পিয়ন হতে পারবেন? সপাটে উত্তর দিয়েছেন, ‘অবশ্যই!’ব্যাখ্যাও দিয়েছেন পর পরই, ‘যখন কোনো টুর্নামেন্টে খেলতে আসবেন, আপনাকে পুরোপুরি প্রস্তুত, ইতিবাচক ও প্রাণশক্তিতে ভরপুর হয়েই আসা উচিত। একের পর এক ম্যাচ খেলা, ভালো খেলোয়াড়দের বিপক্ষে খেলা আপনাকে বাড়তি আত্মবিশ্বাস এনে দেবে। প্রতিটি ম্যাচ শেষেই আপনি চমকে উঠবেন এই ভেবে, আমার পক্ষে নিশ্চয় আরও বেশি দূর যাওয়া সম্ভব। একবার এ ধরনের কথাবার্তা আপনার মাথায় গেড়ে বসলে আপনাকে মনস্থিরও করতে হবে যে, আমি জিততে পারি, কোর্টে প্রতিদিনই এসে আরও একটু উন্নতি করতে পারি।’জুনিয়র পর্যায়ে দুটি গ্র্যান্ড স্লাম জেতা (২০০৮ সালে উইম্বলডন আর ইউএস ওপেন) এই তরুণের জন্য সময়টা দারুণ কাটছে। শুধু জোকোভিচের মতো তারকাকে হারাননি, ক্যারিয়ারে প্রথমবার কোনো মাস্টার্স টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেলেছেন। সেই মন্টে কার্লো মাস্টার্সের শেষ আটে আটবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, মাটির কোর্টের রাজা রাফায়েল নাদালের বিপক্ষেও দুর্দান্ত লড়াই করেছেন তিন সেটের ম্যাচে। এখন নিশ্চয়ই তাঁকে ঘিরে প্রত্যাশার বুদ্বুদ তৈরি হচ্ছে। আর প্রত্যাশা মানেই বাড়তি চাপ। তবে দিমিত্রভের ভাবনাটা অন্য রকম, ‘এই মুহূর্তে আমার কোনো চাপ নেওয়া ঠিক হবে বলে মনে করি না। মাত্রই তো একটা স্লামের দ্বিতীয় রাউন্ডে উঠলাম। আমার কাছে এর চেয়ে ভালো কিছু নেই। এটাই অনেক বড় পাওয়া।’কিন্তু শারাপোভার সৌজন্যে এমনিতেই প্রচারের আলোয় এসে পড়েছেন। সব সময় পিছু ধাওয়া করছে পাপারাজ্জি। অষ্টপ্রহর ক্যামেরার কৌতূহলী চোখের নিচে থাকার একটা অস্বস্তি তো আছেই। ব্যাপারটিও নাকি দিমিত্রভ সহজভাবেই নিয়েছেন, ‘তাদেরও তো (পাপারাজ্জি) বেঁচে থাকতে হবে নাকি?’ এএফপি।