প্রস্তুতি ছাড়াই আন্তর্জাতিক টিটিতে
১৯৮৭ সালের পর আবারও এশিয়ান জুনিয়র টেবিল টেনিস খেলার সুযোগ এসেছে। দোহার আল ঘারাফা স্পোর্টস ক্লাবে ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় টুর্নামেন্টে অংশ নেওয়াটাই একটা বড় প্রাপ্তি বাংলাদেশের। কিন্তু মনের মধ্যে একটা অতৃপ্তি নিয়েই আজ কাতার যাচ্ছেন খেলোয়াড়েরা। খেলতে হবে কোনো প্রস্তুতি ছাড়াই। অনূর্ধ্ব-১৫ দলগত ইভেন্টে খেলবেন জাভেদ আহমেদ ও ইমরান হোসেন। গত জুলাইয়ে দিল্লিতে দক্ষিণ এশীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-১৫ দলগত বিভাগে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। এতেই সুযোগ মেলে কাতারে খেলার। কিন্তু মাঝের দুই মাস কোনো আবাসিক প্রশিক্ষণই হয়নি। উডেনফ্লোর জিমনেসিয়ামে দুই খেলোয়াড় নিজেদের মতো করে অনুশীলন সেরেছে। কাল অনুশীলনের ফাঁকে জাভেদ আক্ষেপ করছিলেন, ‘মাস খানেক ক্যাম্প করতে পারলেও ভালো হতো। বিদেশি কোচ নেই। কোনো সিনিয়র ভাইও যদি কয়েক দিন প্র্যাকটিস করাতেন তাহলে উপকার হতো।’ ইমরানের কথা, ‘নিজেদের ভুলগুলো নিজেরাই শোধরানোর চেষ্টা করি। আমাদের দেখিয়ে দেওয়ারও কেউ নেই। এভাবে কতটুকু শেখা যায়?’ এসব নিয়ে কোনো মাথাব্যথাই নেই ফেডারেশনের। অনুশীলনের ঘাটতির কথা মেনে নিলেন ডেভেলপমেন্ট কমিটির সচিব এনায়েত হোসেন, ‘কমিটির সদস্য হিসেবে আমি নিজেও এর দায় এড়াতে পারি না। টাকাপয়সা দিয়ে কোচ রাখার সামর্থ্য আমাদের ফেডারেশনের নেই। তবে সাবেক খেলোয়াড় সাদী এসে ৫-৬ দিন ওদের দেখিয়ে দিয়ে গেছে। টাকাপয়সা দিলে অন্তত তার কাছ থেকে কাজ আদায় করা যায়।’টুর্নামেন্টে অংশ নিচ্ছে ২০ দেশ, খেলছে চারটি গ্রুপে ভাগ হয়ে। গ্রুপ পর্বে একটি দেশের সঙ্গে খেলতে হবে ২টি একক ও একটি দ্বৈত ম্যাচ। এতেও ফল না এলে খেলতে হবে আরও দুটি একক ম্যাচ।