প্রস্তুতি টুর্নামেন্ট ১০ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে চূড়ান্ত হয়ে গেছে সূচি। চার দল বা তিন দলের টুর্নামেন্টের কথাও শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত দুই দলের তিনটি ম্যাচ দিয়েই হচ্ছে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি টুর্নামেন্ট। বাংলাদেশ জাতীয় দল ও ‘এ’ দলের এই ম্যাচ তিনটি হবে ১০, ১২ ও ১৪ ডিসেম্বর, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

দল নির্বাচন অবশ্য এখনো হয়নি। আকরাম খান দায়িত্ব ছাড়ার পর খালি হওয়া প্রধান নির্বাচকের দায়িত্বও কাউকে দেওয়া হয়নি এখনো। এর মধ্যে প্রধান নির্বাচক নিয়োগ না পেলে ৪-৫ ডিসেম্বরের মধ্যে বাকি দুই নির্বাচক মিনহাজুল আবেদিন ও হাবিবুল বাশারই নির্বাচন করবেন দল। ১৩ সদস্যের দল হওয়ার সম্ভাবনাই বেশি।

৮ ডিসেম্বর দুই দলের রিপোর্টিংয়ের পরই ফিটনেস টেস্ট। পরদিন অনুশীলন। প্রথম দুটি ম্যাচ হবে দিবারাত্রির, ম্যাচ শুরু বিকেল ৫টায়। শেষ ম্যাচটি শুরু হওয়ার কথা বেলা দেড়টায়, তবে ঝুপ করে নামা শীতের সন্ধ্যার কথা ভেবে আধঘণ্টা এগোনোও হতে পারে শেষ ম্যাচের সময়। মাত্র দুটি দল বলে পাঁচটি ম্যাচের কথাও ভাবা হয়েছিল। কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতা সেই ঝুঁকি নিতে দেয়নি।