প্রস্তুতি ম্যাচ দিয়ে জয়ে ফেরা

প্রেসবক্স থেকে সংযুক্ত আরব আমিরাতের খেলোয়াড় চেনাটাই কঠিন হয়ে দাঁড়াল। নাম-চেহারা সবই অপরিচিত, তার ওপর বিসিবির সরবরাহ করা সেই খেলোয়াড় তালিকাটাও বিভ্রান্তিমূলক। ১০ নম্বর খেলোয়াড়ই সেখানে তিনজন! সাংবাদিকেরা তো বটেই, অফিশিয়াল স্কোরারদেরও বুঝতে অসুবিধা হচ্ছিল আমিরাতের কখন কে ব্যাটিং করছেন, কখন কে বোলিং করছেন।
এমন অখ্যাত প্রতিপক্ষকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে সহজেই হারানো উচিত ছিল। বাংলাদেশ দল শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচটা জিতলও। কিন্তু সহজ ম্যাচকে কঠিন করে ফেলার সাম্প্রতিক বদ অভ্যাস ক্ষণিকের জন্য হলেও তাড়া করেছিল মুশফিকদের! ফতুল্লা স্টেডিয়ামে আরব আমিরাতের ৭ উইকেটে করা ১৪২ রানের জবাবে ১১২ রানে পড়ে গিয়েছিল ৬ উইকেট। ওই অবস্থায় শেষ ৫ ওভারে জেতার জন্য দরকার হয় ৩৮ রান।
সপ্তম উইকেটে মাহমুদউল্লাহ-ফরহাদ রেজার অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটির সৌজন্যে পা হড়কায়নি বাংলাদেশ। শ্রীলঙ্কা সিরিজ ও এশিয়া কাপে চরম বাজে সময় কাটানো মাহমুদউল্লাহকে কালকের পারফরম্যান্স একরাশ স্বস্তিই দেবে। পাঁচ বাউন্ডারিতে ১৭ বলে অপরাজিত ২৯ করেছেন। সবচেয়ে বড় কথা, স্নায়ুচাপে ভুগেও ফরহাদকে সঙ্গী করে তুলির শেষ আঁচড়টা দিয়েছেন দারুণভাবে। জয়সূচক রানটা যদিও ১৪ রানে অপরাজিত থাকা ফরহাদের ব্যাটে—রোহান মুস্তফাকে লং অন দিয়ে চার। হোক প্রস্তুতি ম্যাচ, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে টানা নয় ম্যাচে হারের পর কালকের জয় বাংলাদেশ দলের কাছে একটু আত্মবিশ্বাস-জাগানিয়া তো বটেই।
শুরুতে ছিল হাতেগোনা কয়েকজন দর্শক, পরে স্টেডিয়াম গেটে টিকিট বিক্রি হওয়ায় হলো হাজার। ততক্ষণে অবশ্য আরব আমিরাতের ইনিংস শেষ, পড়ে গেছে বাংলাদেশের প্রথম ২ উইকেটও। ওপেনার এনামুল হক তো মঞ্জুলা গুরুগের প্রথম ওভারেই স্কয়ার লেগে আমজাদ আলীর হাতে ক্যাচ। ইনিংসের তৃতীয় ওভারে একই বোলারকে ফ্লিক করতে গিয়ে ডিপ মিড উইকেটে সাকিব আল হাসান ক্যাচ রোহানের হাতে। সাকিব ৬ বলে ৯ রান করেছেন, এরই মধ্যে সুদীপ সিলভাকে লং অন দিয়ে একটা ছক্কা মেরেছেন, আগের বলেই লং অন ফিল্ডারের হাতে ফিরে পেয়েছেন ‘জীবন’।
সাকিবের ক্যাচটি ফেলাই শুধু নয়, গ্রাউন্ড ফিল্ডিংয়েও কিছুটা দুর্বলতা প্রকাশ পেল আমিরাতের। বোলিং তো যথেষ্টই সাদামাটা। তার পরও সাম্প্রতিক সময়ে নিজেদের হারিয়ে খুঁজতে থাকা বাংলাদেশ ১৪২-এর সামনেই স্নায়ুচাপে ভুগতে লাগল। ১৭ রানের মধ্যে এনামুল-সাকিবকে হারানোর পর তৃতীয় উইকেটে তামিম-মুশফিকের ৫৮ রানের জুটিতেই বিপর্যয় একটু কাটিয়ে ওঠা। দলের ৭৫ রানে কামরান শাহজাদের বলে মুশফিক মিড অনে ক্যাচ দিয়ে ফেরেন, এরপর ১১২ রানের মধ্যে তাঁকে অনুসরণ করেন তামিম, নাসির আর মুমিনুলও। মাহমুদউল্লাহ-ফরহাদের ‘ফিনিশিং টাচ’টা এর পরই। জয়ের জন্য শেষ ২ ওভারে প্রয়োজনীয় ১১ রান এসে যায় রোহানের করা ১৯তম ওভারের পাঁচ বলেই।
ম্যাচে হেরেও আমিরাত হয়তো তৃপ্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারায়। তবে মন্থর উইকেটে বাংলাদেশের বোলিং যেমন হলো তাতে ১৪২ রানকে কমই বলতে হবে। এ জন্য অবশ্য ব্যাটসম্যানদের এলোমেলো শট খেলার প্রবণতাই বেশি দায়ী। টি-টোয়েন্টি শট খেলার মঞ্চ। কিন্তু আমিরাত সেটা খেলতে গেল একটু বেশিই। খুব কম বলই আছে, যেটাতে মারতে যাননি ব্যাটসম্যানরা।
এটা যেমন আমিরাতের ব্যাটসম্যানদের ব্যর্থতা, বাংলাদেশ বোলারদের ব্যর্থতা সহজ প্রতিপক্ষ পেয়েও বিষদাঁত বসাতে না-পারা। শুরুর দিকে একটু বেশি বেশি ফ্লাইট দিয়ে হয়তো আমিরাত ব্যাটসম্যানদের বিভ্রান্তই করতে চেয়েছিলেন সাকিব। ফল হলো উল্টো। প্রথম ৩ ওভারেই ২২ রান, পরে স্বাভাবিক বোলিংয়ে ফিরে শেষ ওভারে দিলেন ৬। বাংলাদেশি বোলারদের মধ্যে উইকেট পাননি শুধু সাকিব ও নাসির। সফলতম বোলার ফরহাদ রেজা—২৫ রানে ২ উইকেট। ম্যাচের পঞ্চম ওভারে রুবেল হোসেন লং অনে ফাইজানের ক্যাচটা নিতে পারলে ওটা হতো তৃতীয় উইকেট।