প্রস্তুতি ম্যাচ নিয়ে আফসোস নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যান্য সিরিজের আগে নিজেদের মধ্যে বেশ কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ দল। কিন্তু বিশ্বকাপের আগে যে অনুশীলন সূচি, তাতে এমন ম্যাচ নাও থাকতে পারে। বিশ্বকাপ শুরুর আগে কানাডা ও পাকিস্তানের বিপক্ষে দুটো প্রস্তুতি ম্যাচই সম্বল।বাংলাদেশের কোচ জেমি সিডন্স এবার প্রস্তুতি ম্যাচের চেয়ে সেন্টার উইকেটে অনুশীলন করার ওপরই জোর দিচ্ছেন বেশি করে। যেখানে একেকজন ব্যাটসম্যান ব্যাট করছেন টানা এক থেকে দুই ঘণ্টা। বোলাররা নেটে যেমন তাঁদের বল করছেন, নেটের বাইরেও আলাদা সেশন করছেন বোলিং কোচের সঙ্গে। অনুশীলন পর্বে প্রস্তুতি ম্যাচ বেশি না থাকাটাকে সমস্যাও মনে করছেন না সিডন্স, ‘ম্যাচ খেলতে গিয়ে যদি তামিম বা কেউ প্রথম বলেই আউট হয়ে যায়, তার তো কোনো অনুশীলন হবে না। বরং তার চেয়ে সেন্টার উইকেটে প্র্যাকটিস করলে প্রতিটি ব্যাটসম্যান ১-২ ঘণ্টা করে ব্যাট করতে পারে। ম্যাচ প্র্যাকটিস ভালো, তবে বেশি বল খেলতে না পারলে কোনো লাভ নেই।’ তার পরও প্রতিপক্ষ হিসেবে আন্তর্জাতিক কোনো দলকে পেলে হয়তো বিশ্বকাপের আগে আরও দু-একটা ম্যাচ খেলতে চাইতেন সিডন্স। সেটা যখন পাওয়াই যাচ্ছে না, মাঠের অনুশীলনটাকেই দিচ্ছেন গুরুত্ব।সেই অনুশীলনে আর সবার মতোই আলো পড়ছে বিশ্বকাপ দলে না থাকা মাশরাফি বিন মুর্তজার ওপর। কাল তো মাশরাফিকে দেখা গেল তেজি চেহারায়। ইনডোরে ১৮-১৯ মিটার রানআপ নিয়ে যে রকম বিধ্বংসী চেহারায় আট ওভারের মতো বল করলেন, মনে হলো বুঝি ম্যাচই খেলতে নেমে গেছেন! নেটে তামিমের সঙ্গে তাঁর ‘লড়াই’টা জমলও বেশ। মাশরাফি বাউন্সার মারছেন, তামিমও হুক-পুল করতে ছাড়ছেন না। ওভার পিচ বা হাফভলি পেলে খেলছেন জোরালো ড্রাইভ। দু-একটা বল মিস করলে ইনডোরের বাইরে দাঁড়ানো দর্শকদের সে কী হাততালি! ‘মাশরাফি ভাইকে বিশ্বকাপে দেখতে চাই’ বলে স্লোগানও উঠল দু-একবার।যে বিশ্বকাপে মাশরাফির খেলা নিয়ে এত আলোচনা, কোচ সিডন্স সেই বিশ্বকাপ সম্পর্কে সহজ-সরল একটা তত্ত্ব ঢুকিয়ে দিয়েছেন দলের মধ্যে—এটা আর একটা টুর্নামেন্টই। শাহরিয়ার নাফীস এই তত্ত্বটা বেশ মনে হলো ভালোই বুকে ধরে নিয়েছেন, ‘আমার মতে, এটা আরেকটা টুর্নামেন্টই। আমরা যদি এবার চ্যাম্পিয়নও হই, পরের বিশ্বকাপেও সেটা ধরে রাখতে নামতে হবে। এমন না যে এটাই আমাদের শেষ টুর্নামেন্ট...খেললাম এরপর আর খেলা নেই। এটা একটা চলমান প্রক্রিয়ার অংশ।’ দেশের মাটিতে বিশ্বকাপ বলে বাড়তি চাপের কথাও সেভাবে মানছেন না এই বাঁহাতি, ‘দেশের মাটিতে বলে এবার প্রত্যাশা বেশি। অন্যান্য বিশ্বকাপের চেয়ে এটার এখানেই পার্থক্য। এখন প্রত্যাশা যদি চাপ হয়, তাহলে এটাও চাপ। আসলে নির্ভর করে কে কীভাবে নেয়, তার ওপর। দেশের মাটিতে খেলা বাড়তি অনুপ্রেরণার মতো বাড়তি চাপও হতে পারে।’