প্রস্তুতি ম্যাচ নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার বিকেল থেকে বৃষ্টি। বৃষ্টি হয়েছে পরশু সারা দিন, গতকাল সকালে এবং সন্ধ্যায়ও। এমন বৃষ্টির পর বিকেএসপিতে ৮ নভেম্বর থেকে শুরু ওয়েস্ট ইন্ডিজের তিন দিনের প্রস্তুতি ম্যাচটা একরকম অনিশ্চিতই হয়ে পড়েছে।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মতো আধুনিক পানিনিষ্কাশনব্যবস্থা নেই বিকেএসপির মাঠে। এক বেলার বৃষ্টিতেই যেখানে খেলা চালানো কঠিন হয়ে পড়ে, সেখানে বৃষ্টি হচ্ছে টানা তিন দিন ধরে! মাঠসংশ্লিষ্টরা জানিয়েছেন, কাল সন্ধ্যা পর্যন্ত আউটফিল্ডে এতই পানি ছিল যে উইকেট রোল করতে রোলারও ঢোকানো যায়নি মাঠে। আজ ও আগামীকাল দুই দিনই প্রখর সূর্যালোক না পেলে পরশু সময়মতো প্রস্তুতি ম্যাচ শুরু করা নিয়ে ভালো শঙ্কা আছে। শঙ্কার কারণ আছে আবহাওয়াবার্তায়ও। বৃষ্টির পূর্বাভাস আছে আজও। পূর্বাভাস সত্যি হলে হয়তো বৃষ্টিতেই ভেসে যাবে বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ দলের একমাত্র প্রস্তুতি ম্যাচ।এদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভার কপালেও এখন চিন্তার বলিরেখা। ১৩ নভেম্বর থেকে এ মাঠেই শুরু হওয়ার কথা বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। ‘টেস্টের জন্য ভালো একটা উইকেট প্রস্তুত করতে এমনিতেই ১০ দিন সময় দরকার ছিল। এ রকম বৃষ্টির পর ১০ দিনেও সেটা কঠিন। অথচ হাতে সময় আছে সাত-আট দিন’—কাল মাঠ দেখে এসে বলছিলেন গামিনি।শুধু উইকেট নয়, ঢাকা টেস্টে চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে শেরেবাংলা স্টেডিয়ামের আউটফিল্ডও। বাজে ঘাস নির্বংশ করতে কিছুদিন আগে পুরো মাঠে নতুন করে ঘাস লাগানো হয়েছে। কিউরেটর গামিনি অভিযোগ উড়িয়ে দিলেও মাঠ সম্পর্কে অভিজ্ঞ অনেকের দাবি, বাজে ঘাস বাছতে গিয়ে হিতে বিপরীত হয়েছে। আগের তুলনায় এখন বরং বাজে ঘাসের পরিমাণ বেড়েছে। পার্শ্বপ্রতিক্রিয়ায় মাঠের আধুনিক পানিনিষ্কাশনব্যবস্থাও নাকি আর আগের মতো দ্রুত পানি শুষে নিতে পারছে না। ‘পুরোনো মরা ঘাস ঠিকভাবে না সরানোয় ড্রেনেজ সিস্টেমের ওপর বাড়তি একটা স্তর পড়েছে। মাটির নিচে অনেক জায়গায় পানি সরার পাইপও বন্ধ হয়ে গেছে। এ কারণে আগের তুলনায় পানি সরতে দেরি হচ্ছে এখন’—বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির মাঠসংশ্লিষ্ট একজন। যদিও গামিনির দাবি, বাজে ঘাস বাছার কাজে শতভাগ সফল তিনি। আউটফিল্ডের পানিনিষ্কাশন নিয়েও দুশ্চিন্তার কিছু নেই।