প্রস্তুতি ম্যাচ নিয়েই এতসব...
বিশ্বকাপ ফুটবলের দেখাদেখি এখন বিশ্বকাপ ক্রিকেটেও ম্যাচের আগে প্রতিদ্বন্দ্বী দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। ইদানীং কোনো কোনো দ্বিপক্ষীয় সিরিজেও তা বাজে। কিন্তু শুধুই প্রস্তুতিমূলক তিন দিনের ম্যাচ, যেটিতে প্রতি দলে এমনকি ১৪ জন খেলোয়াড়েরও খেলার সম্ভাবনা আছে, সেটির আগে জাতীয় সংগীত? ক্রিকেট ইতিহাসে এমন কিছু হয়েছে কি না সন্দেহ! এই অভূতপূর্ব ঘটনাই ঘটতে পারে আজ। কাল দুপুরে মাতারার ওয়াইনওয়াত্তা স্টেডিয়ামে অনুশীলনের সময় বাংলাদেশ দলের কাছ থেকে ‘আমার সোনার বাংলা’র সিডি চেয়ে নিলেন আয়োজকেরা। সুনির্দিষ্টভাবে কেউ কিছু বলতে পারলেন না; তবে ভাসা ভাসাভাবে জানা গেল, ম্যাচের আগে নাকি কী সব আনুষ্ঠানিকতা আছে। যেটিতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত বাজানোও আছে। কোন মন্ত্রী নাকি আসবেন। স্থানীয় সংসদ সদস্যও অবশ্যই থাকবেন বলে জানানো হলো।মন্ত্রীর চেয়ে সংসদ সদস্যের উপস্থিতির খবরটাই বেশি চাঞ্চল্যের জন্ম দিল। সংসদ সদস্যের নাম যে সনাৎ টেরান জয়াসুরিয়া! ঘণ্টা দুয়েকের মধ্যেই অবশ্য এই খবর মিথ্যা বলে প্রমাণিত। যখন মাতারা শহরের কেন্দ্রস্থলে ছিমছাম দোতলা বাড়ির ড্রয়িংরুমে বসে এক প্রৌঢ় ভদ্রলোক ও তাঁর স্ত্রী ভাঙা ভাঙা ইংরেজিতে জানালেন, সনাতের পরদিন মাঠে থাকার কোনো সম্ভাবনা নেই। কারণ, শ্রীলঙ্কান ক্রিকেটের কিংবদন্তি বাঁহাতি এখন আছেন কুয়েতে। পরস্পরবিরোধী তথ্যের মধ্যে বিশ্বাস্য কোনটি—এখানে মোটেই সেই সংশয়ে পড়তে হচ্ছে না। কারণ, ওই প্রৌঢ় দম্পতি—ডানস্টান ও ব্রিডা সনাৎ জয়াসুরিয়ার বাবা-মা।নিছকই একটি তিন দিনের ম্যাচ নিয়ে এমন সাজ সাজ রবের কারণ অবশ্য একেবারেই অননুমেয় নয়। ২০০৩ সালে পাকিস্তান না ওয়েস্ট ইন্ডিজ কোন একটা দল মাতারায় ম্যাচ খেলেছিল। ১০ বছর পর আবার এই মাঠ কোনো আন্তর্জাতিক দলের পদস্পর্শ পাচ্ছে। এ নিয়ে অবশ্য এক পশলা বিতর্কও হয়ে গেছে। জানুয়ারির শুরুতে হুট করে মাতারায় এই ম্যাচটা দিয়ে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। যেটির পেছনে মূল কারণ বলে মনে করা হচ্ছে, এ মাসের শেষে শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচনে মাতারা জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটটা নিশ্চিত করা।কারণ যা-ই হোক, মাতারার লোকজনের তো তাতে খুশিই হওয়ার কথা। কিন্তু এই খুশিটা সর্বজনীন রূপ পাচ্ছে না। বরং অনেকে এতে ক্ষুব্ধ! শ্রীলঙ্কায় স্কুল ক্রিকেট খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, একই সঙ্গে জনপ্রিয়ও। বাংলাদেশের জাতীয় লিগেও ক্রিকেট বোর্ড যা করতে পারে না, এখানে স্কুল ক্রিকেটেও সেই হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি চালু। ওয়াইনওয়াত্তা স্টেডিয়াম স্থানীয় তিনটি স্কুলের ‘হোম গ্রাউন্ড’। এই ম্যাচের জন্য দুই সপ্তাহ আগে টার্ফ উইকেট-সংবলিত মাতারার একমাত্র মাঠটি এসএলসি নিয়ে নেওয়ায় এই সময়ে স্কুল ক্রিকেটের নির্ধারিত সব ম্যাচ হয় বাতিল বা পিছিয়ে গেছে। স্কুলগুলো তাই প্রচণ্ড ক্ষুব্ধ।বাংলাদেশ দল এত সব খবর রাখে না। এবার শ্রীলঙ্কা আসার পর থেকে তারা যা পাচ্ছে, তাতে একটা অনুভূতিই শুধু প্রকাশিত—সম্মান। গত পরশু কলম্বোর হোটেলে দুই অধিনায়কের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রায় ৫০-৬০ জন সাংবাদিক। শ্রীলঙ্কায় এর চেয়ে অর্ধেক সাংবাদিক উপস্থিত থাকলেও সেটি ‘জনাকীর্ণ সংবাদ সম্মেলন’-এর স্বীকৃতি পায়। শ্রীলঙ্কায় আগের সফরগুলোয় যেখানে টেস্ট ম্যাচ কয় দিন যাবে বা বাংলাদেশ কতটা লড়াই করতে পারবে—এটাই স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের মূল সুর হয়ে থাকত, সেখানে এবার বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের রহস্য নিয়ে কৌতূহল।কোচ শেন জার্গেনসেন খেলোয়াড়দের বলে দিয়েছেন, অতীতে কী হয়েছে না হয়েছে, সেসব স্মৃতি হোটেলের পাশের ভারত মহাসাগরে ছুড়ে ফেলতে। সেটিতে বোধ হয় কাজও হয়েছে। বাংলাদেশের সব কটি অতীত শ্রীলঙ্কা সফরের সাক্ষী মোহাম্মদ আশরাফুল যেমন প্রত্যয়ভরা কণ্ঠে বললেন, ‘১৩ বছরে এটা আমাদের সবচেয়ে বড় সুযোগ। আগের সিরিজগুলোয় যে তিনজন আমাদের সবচেয়ে বেশি ভুগিয়েছে, সেই মুরালি-ভাস-জয়াবর্ধনে এবার নেই।’এই তিনজনের বাইরে যাঁর কথা বলা উচিত, সেই কুমার সাঙ্গাকারাকে নিয়েও সংশয় আছে। যেটির উত্তর খুঁজতে শ্রীলঙ্কান ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যানের এই ম্যাচে খেলার কথা ছিল উদীয়মান একাদশের হয়ে! সেটি আর হচ্ছে না চুক্তি নিয়ে বোর্ডের সঙ্গে শ্রীলঙ্কান ক্রিকেটারদের বিরোধের কারণে। যে বিরোধ এই সিরিজটাকে বাংলাদেশের ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরের রূপ দিয়ে ফেলার সম্ভাবনা জাগাচ্ছে। বাংলাদেশের সংশয়ের কেন্দ্রবিন্দুতেও এক বাঁহাতি। তামিম ইকবাল পরশু নেটের বাইরে নক করেছেন। কাল নেটে স্পিনারদের খেললেন। বড় বড় কিছু শটও মারলেন। নেট থেকে বেরিয়ে অবশ্য বললেন, মারার সময় হাতে ব্যথা অনুভব করেছেন। তিন দিনের ম্যাচে তাই খেলছেন না। তিন দিনের ম্যাচের সময়টাতে আলাদা ব্যাটিং করে প্রথম টেস্টের জন্য প্রস্তুতি নেবেন। আজ নেটে মিডিয়াম পেসারদের খেলবেন, কাল ফাস্ট বোলারদের। এর পরও হাতে আরও তিন দিন থাকবে। টেস্ট ম্যাচের আগে তৈরি হয়ে যাবেন বলেই তাঁর বিশ্বাস।তামিম ছাড়া বাকি ১৪ জনকেই এই ম্যাচে একটু বাজিয়ে দেখার ইচ্ছা কোচের। ব্যাটিং লাইনআপে কমপক্ষে দুটি জায়গা নিয়ে মনস্থির করার ব্যাপারও আছে। আজ ম্যাচের আগে প্রতিপক্ষ দলের অধিনায়ক ও কোচকে সেই প্রস্তাবই দেবেন। প্রস্তুতি ম্যাচ তো প্রস্তুতির জন্যই। সাঙ্গাকারা শিং ভেঙে বাছুরদের দলে ঢুকতে চেয়েছিলেন তো এ কারণেই!