প্রস্তুতি ম্যাচ হচ্ছে না
আগের দুই দিনের মতো কালও দিনভর বৃষ্টি হয়েছে বিকেএসপিতে। আর তাতে শুরু হওয়ার আগেই ভেসে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-বিসিবি একাদশের তিন দিনের প্রস্তুতি ম্যাচ। ম্যাচটা আগামীকাল শুরু হওয়ার কথা থাকলেও অনানুষ্ঠানিকভাবে বাতিল হয়ে গেছে গতকালই। মাঠকর্মীদের মতে, আবহাওয়া ভালো থাকলেও বিকেএসপির মাঠ খেলা আয়োজনের মতো অবস্থায় আসতে আরও তিন-চার দিন লেগে যাবে।ম্যাচ বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা হবে আজ। তার আগে বিসিবির গ্রাউন্ডস এবং ক্রিকেট পরিচালনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বিকেএসপির মাঠ পরিদর্শন করবেন সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের টিম ম্যানেজমেন্টের সদস্যরা। মাঠের অবস্থা দেখিয়ে তাঁদের সম্মতি নিয়েই বাতিল হবে প্রস্তুতি ম্যাচ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেলেই তিন দিনের জন্য বিকেএসপিতে চলে যাওয়ার কথা ছিল বিসিবি একাদশের। ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতিদিন ঢাকা থেকে যাওয়া-আসা করে ম্যাচ খেলার কথা।প্রস্তুতি ম্যাচ এবং প্রথম টেস্টের প্রাথমিক দল মিলিয়ে পরশু ২২ জনের প্রাথমিক দল দিয়েছে বিসিবি। ৯ নভেম্বর শুরু জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে এই দলের কারোরই খেলার কথা ছিল না। কিন্তু প্রস্তুতি ম্যাচ না হলে প্রাথমিক দলের সদস্যসংখ্যা ১৬-১৭ কমিয়ে এনে বাকিদের ছেড়ে দেওয়া হতে পারে জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে। প্রথম টেস্টের ১৪ জনের চূড়ান্ত দল যে এই ১৬-১৭ জন থেকেই হবে, তা অবশ্য নয়। নির্বাচক কমিটির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, প্রয়োজন মনে করলে জাতীয় লিগ থেকেও কাউকে তুলে আনা হতে পারে। নির্বাচকেরা মনে হচ্ছে অকূল সাগরেই হাবুডুবু খাচ্ছেন।