প্রস্তুতি ম্যাচটা কাজে লাগালেন ফ্লাওয়ারও
কোচ হলেও ইংল্যান্ড দলের অনেক খেলোয়াড় সম্পর্কেই খুব ভালো ধারণা নেই অ্যান্ডি ফ্লাওয়ারের। বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা তাই তাঁর জন্যও ছিল ‘জানার আছে অনেক কিছু’র মঞ্চ। ফতুল্লা স্টেডিয়ামের দুটি প্রস্তুতি ম্যাচ শেষে সে মঞ্চ থেকে হাসিমুখেই নামছেন ইংল্যান্ডের জিম্বাবুইয়ান কোচ।ফতুল্লায় কাল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শেষে ফ্লাওয়ারের কণ্ঠে সন্তুষ্টিই ঝরে পড়েছে, ‘সবাই কমবেশি সুযোগ কাজে লাগিয়েছে। আজমল শেহজাদ কিংবা জেমস ট্রেডওয়েলকে আগে সেভাবে দেখিনি, ওদের দেখলাম। বিশেষ করে আজমল খুব ভালো বল করেছে। ক্রেইগ কিসওয়েটরের কিপিংও ভালো মনে হচ্ছে। বাকিরা তো পুরোনোই।’প্রথম ম্যাচে সেঞ্চুরি করা পল কলিংউড কালকের ম্যাচটা খেলেননি মূলত বিশ্রাম নিতেই। কোচ জানালেন তাঁর না খেলার আরেকটা কারণ, ‘ওর বয়স ৩৩ হয়ে গেছে। টানা ক্রিকেট খেলছে। সে জন্যই বিশ্রাম দেওয়া হয়েছে। আর এই সুযোগে বাকিরাও একটু অনুশীলন করে নিল।’ তবে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দেখেই প্রথম ওয়ানডের দল নিয়ে ভাবা শুরু করেননি কোচ। কথাটা শুধু এই সিরিজের জন্যই নয়, সবকিছুতে সঠিক কম্বিনেশন খোঁজাটাই হয়তো ফ্লাওয়ারের নীতি। চ্যাম্পিয়নস ট্রফি আর দক্ষিণ আফ্রিকা সিরিজে ভালো খেলার পর তিনি নিজেই তাই এখন খুঁজছেন সঠিক গন্তব্য, ‘আমি আরও উন্নতি করতে চাই। উন্নতির দরজাও সব সময় খোলাই আছে। আপনি কতদূর যেতে চান, সেই দূরত্ব পেরুতে কতটুকু কী করতে হবে—কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে এগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা খুব জরুরি।’ফ্লাওয়ারের নীতিটাই মানেন কি না কে জানে, তবে মাত্রই ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরি করার গৌরবমাল্য পরা শচীন টেন্ডুলকারেরও নিশ্চয়ই খুব স্পষ্ট ধারণা নিজের সম্পর্কে। ডন ব্র্যাডম্যান থাকতে শচীন টেন্ডুলকারের শ্রেষ্ঠত্ব সম্পর্কে শেষ কথা বলতে রাজি নন, ফ্লাওয়ার তার পরও বললেন, ‘কোনো সন্দেহ নেই যে শচীন অসাধারণ এক ক্রিকেটার। আমি ভেবে পাই না, কী করে একজন ক্রিকেটার এত দিন ধরে খেলে যাচ্ছে! এখনো নিয়মিত রান করে যাচ্ছে! এটা শচীনের পক্ষেই সম্ভব। ক্রিকেটের প্রতি তাঁর অনুরাগ অবিশ্বাস্য। আমি তো বলব, ভারতের ক্রিকেট সংস্কৃতিটাই পাল্টে দিয়েছে শচীন!’