প্রস্তুতি ম্যাচে উজ্জ্বল জয়াসুরিয়া
বয়স বা দীর্ঘদিনের বিরতি যে খুব একটা মরচে ধরাতে পারেনি, ফিরেই প্রমাণ করলেন সনাৎ জয়াসুরিয়া। উস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পরশু ১০ চার ও ৩ ছয়ে ৬০ বলে ৭৮ রান করেছেন সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক। পরে বল হাতে নিয়েছেন ২ উইকেট। প্রস্তুতি ম্যাচটা আরও সুখবর দিয়েছে শ্রীলঙ্কাকে। চোট থেকে ফিরে প্রথম মাঠে নেমেই ৮১ রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস, দলে ফেরা অলরাউন্ডার জীবন মেন্ডিস ৭১ বলে অপরাজিত ৯৯। ৫০ ওভারে শ্রীলঙ্কা তোলে ৭ উইকেটে ৩৫১। উস্টারের হয়ে প্রথম ম্যাচে ৩ উইকেট নিয়েছেন পাকিস্তানি স্পিনার সাঈদ আজমল। মঈন আলীর ৯০ বলে ১৩৬ রানের ইনিংসে উস্টারও জবাব ভালোই জবাব দিয়েছিল। ৪৩.২ ওভারে ২৯৪ রানে অলআউট হয় তারা। মালিঙ্গা ও অজন্তা মেন্ডিস নিয়েছেন ৩টি করে উইকেট। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার একমাত্র টি-টোয়েন্টি, ২৮ জুন থেকে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়েবসাইট।