প্রস্তুতি ম্যাচে এবার বিসিবিই বাধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠসংকট, আবহাওয়া—কত কারণেই না ব্যাঘাত ঘটল জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতিতে! সর্বশেষ ব্যাঘাতটা সৃষ্টি করল খোদ দেশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবিই। বিসিবির অপেশাদারি মনোভাবের কারণে কাল থেকে শুরু হতে পারেনি জিম্বাবুয়ে সিরিজের দুই দিনের প্রস্তুতি ম্যাচ।অনেক অপেক্ষা আর নাটকের পর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা হয়েছে পরশু রাত সোয়া ১০টায়। দলই যখন এত রাতে ঘোষণা হয়, পরদিন সকালে ম্যাচ হওয়া তো কঠিনই! আনুষঙ্গিক প্রস্তুতির অভাবে তাই কাল শুরু হতে পারেনি দুই দিনের ম্যাচ। এই ম্যাচ আজ শুরু হলেও অনিশ্চিত হয়ে পড়েছে আরেকটি প্রস্তুতি ম্যাচ।গত ৯ ও ১০ জুলাই একাডেমি মাঠে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন জিম্বাবুয়ে সিরিজের ২২ জনের প্রাথমিক দলে থাকা খেলোয়াড়েরা। কথা ছিল চূড়ান্ত দল ঘোষণার পর ১৬ ও ১৯ জুলাই থেকে হবে আরও দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ। একাডেমির খেলোয়াড়দের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ে সিরিজের চূড়ান্ত দলে থাকা ক্রিকেটারদের প্রথম ম্যাচটি খেলার কথা ছিল কাল থেকে।সেই ম্যাচ শেষ পর্যন্ত এক দিন পিছিয়ে গেল বিসিবির অপেশাদারি মনোভাবের কারণে। পরশু রাত সোয়া ১০টার আগ পর্যন্তও সংশ্লিষ্টরা জানতেন না জাতীয় দলে কারা থাকছেন, কারা থাকবেন বাইরে। সিলেটে বোর্ড কর্মকর্তারা সভা করছেন, সভা শেষে ঘোষণা হওয়ার কথা দল। কিন্তু রাত ১০টা পেরিয়ে যাওয়ার পরও যখন কেউ জানে না দল আদৌ ঘোষণা হবে কি না, হলেও সেটা কখন, বাধ্য হয়েই পেছাতে হয়েছে প্রস্তুতি ম্যাচ। ম্যাচটি এখন হবে আজ ও কাল।অনেক রাতে দল দিয়ে শুধু জাতীয় দলের প্রস্তুতিতেই নেতিবাচক প্রভাব ফেলেনি বিসিবি, আকরাম খানের নির্বাচক কমিটিকেও বাঁচিয়ে দিল সংবাদমাধ্যমের প্রশ্নের হাত থেকে। জিম্বাবুয়ে সিরিজের দলে বাইরের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল আগেই। নির্বাচকেরা যতই সে অভিযোগ অস্বীকার করুন, সংবাদ সম্মেলনই হতে পারত সেসব ব্যাখ্যা করার উপযুক্ত মঞ্চ। সঙ্গে প্রথম দল ঘোষণার প্রতিক্রিয়াও জানাতে পারত নতুন নির্বাচক কমিটি।কে জানে, বোর্ড হয়তো মনে করেছে এসব ব্যাখ্যা বা প্রতিক্রিয়া কোনোটাই গণমাধ্যমে আসার মতো নয়। আর সে কারণেই রাতের অন্ধকারে দল দিয়ে সব প্রশ্ন এড়িয়ে যেতে চাইলেন তাঁরা।