প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই প্রস্তুতিটা দুর্দান্ত হলো ওয়েস্ট ইন্ডিজের। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ বুধবার বিসিবি একাদশকে ১১৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয় দল।খুলনায় অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩৬১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪৯.১ ওভারে দলীয় ২৪৩ রানে গুটিয়ে যায় বিসিবি একাদশ।বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ সংগ্রহ ইমরুল কায়েস ও মুমিনুল হকের। দুজনেই করেন ৪৩ রান। এ ছাড়া উল্লেখযোগ্য স্কোর বলতে মার্শাল আইয়ূবের ৩০ ও আনামুল হকের ২২ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন সুনীল নারাইন। দুটি করে উইকেট নেন কেমার রোচ ও ভিরাসামি পেরমল।স্বাগতিকদের প্রস্তুতি ম্যাচ খেলা এমনিতেই বিরল। ওয়ানডে সিরিজের আগে তো আরও বিরল। তবে বাংলাদেশ জাতীয় দল প্রায় ৮ মাস পর ওয়ানডে খেলতে যাচ্ছে বলে বিসিবি একাদশের বিপক্ষে গতকাল মঙ্গলবার একটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করা হয়। ওই ম্যাচে ৫ উইকেটে হেরে যায় মুশফিকুর রহিমের দল। অথচ এক দিন পর বিসিবি একাদশের বিপক্ষেই বড় জয় তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। আজ সকালে ব্যাটিংয়ে নেমেই তাণ্ডব চালায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজের আগে বিসিবি একাদশের রানের পাহাড় গড়ে নিজেদের ব্যাটিং শক্তির ধারণাটাও দিয়ে দিল ক্যারিবীয়রা। ক্রিস গেইল খেলেননি। ওয়ানডে সিরিজের জন্য আসা লেন্ডি সিমন্স গেইলের জায়গায় নেমে নিজের জাত চিনিয়েছেন। ১২টি চার ও দুটি ছয়ের মারে ৮১ বলে সাজানো ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ৮৪ রান। পাশাপাশি ডেভন থমাসের অপরাজিত ৬১ ও কাইরন পোলার্ডের ৪৪ রানের ইনিংস ক্যারিবীয়দের বড় স্কোর গড়ে দেয়। ওয়েস্ট ইন্ডিজ টপ অর্ডারের প্রায় সব ব্যাটসম্যানই ভালো রান পেয়েছেন। কাইরন পাওয়েল ৩৪, ডোয়াইন স্মিথ ৩০ ও ড্যারেন ব্রাভো ৩১ রান করেন। একেবারে শেষের দিকে ভিরাসামি পেরমল (২৭) ও সুনীল নারাইন (২১*) ঝোড়ো গতিতে ব্যাট চালিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহকে সাড়ে ৩০০ ছাড়িয়ে নিয়ে যান। আন্দ্রে রাসেলের ব্যাট থেকে আসে ১৮ রান।বিসিবি একাদশের বোলাররা প্রায় সবাই ছিলেন কমবেশি খরুচে। পেসার আল আমিন হোসেনের ১০টি ওভার থেকে ক্যারিবীয় ব্যাটসম্যানরা তুলে নেন ৯০ রান। তিনি কোনো উইকেট পাননি। ইলিয়াস সানি ৩ উইকেট পেলেও তাঁর খরচ ছিল ৭১ রান। এনামুল হক জুনিয়র তুলনামূলক ভালো বল করে ১০ ওভারে ৫৮ রান দিলেও কোনো উইকেট পাননি। ফরহাদ রেজা ১০ ওভারে ৬৮ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। মার্শাল আইয়ূবও ২ উইকেট নিয়েছেন ৬৩ রানের বিনিময়ে।বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৩০ নভেম্বর। প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনায়। বাকি ম্যাচগুলো হবে মিরপুরে।