প্রস্তুতি ম্যাচে ক্লাবের থাবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় অভিষেক টেস্টে খুব একটা সুবিধা করতে পারেননি। এনামুল হক কি আরেকটা সুযোগ পাবেন নিউজিল্যান্ড সিরিজে? টপ অর্ডারে ফাঁকা জায়গাগুলোর জন্য নিজের দাবিটা কি জানাতে পারবেন শামসুর রহমান? ফরহাদ রেজা পারবেন দলে ফেরার দাবি জানাতে? কিংবা টেস্টের আগে মাহমুদউল্লাহ কি পারবেন আত্মবিশ্বাস-জাগানিয়া কোনো ইনিংস খেলতে?
ব্যক্তিগত এই লক্ষ্যগুলো পূরণের সুযোগ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচটি। ১৪ সদস্যের বিসিবি একাদশ দলে রেখে নির্বাচকেরাও তাঁদের সুযোগ দিয়েছেন প্রমাণের। তবে সেই সুযোগটা তাঁরা পাবেন কি না, সংশয় এখন সেটা নিয়েই। এঁদের সবারই একজন-দুজন ক্লাব সতীর্থও যে আছেন প্রস্তুতি ম্যাচের দলে!
খটকা লাগছে তো? ভাবছেন এটার সঙ্গে ওটার সম্পর্ক কী? সম্পর্কটা গড়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্তা ঢাকা প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা। নানা সূত্র থেকে পাওয়া খবরে নিশ্চিত হওয়া গেছে, এক ক্লাব থেকে একাধিক ক্রিকেটারকে প্রস্তুতি ম্যাচের দলে না রাখতে জাতীয় নির্বাচকদের চাপ দিচ্ছেন ক্লাব কর্তারা। এমনকি একজন ক্রিকেটার আছেন, এমন ক্লাবও গড়িমসি করছে ওই ক্রিকেটারকে ছাড়তে। অভিযোগ পাওয়া গেছে, এই ‘চাপ প্রদান’ প্রক্রিয়ায় জড়িয়েছে নাকি ঢাকার ক্লাব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সিসিডিএমও!
অথচ জাতীয় দলের প্রয়োজনে ক্রিকেটারদের ছাড়তে হবে, এটা অনেক আগে থেকেই জানা ছিল ক্লাবগুলোর। জাতীয় ক্রিকেটারদের ছাড়তে হবে বলেই এবার লিগে এক দলের একাদশে তিনজন করে বিদেশি খেলানোর সুযোগ দেওয়া হয়েছে। ক্রিকেটারদের ম্যাচপ্রতি টাকা দেওয়ার নতুন পদ্ধতিরও প্রবর্তন এ কারণেই। কিন্তু প্রয়োজনের সময় এসে সেই পুরোনো পাঁয়তারা শুরু করেছে ক্লাবগুলো। ক্লাব শক্তিতে বলীয়ান বর্তমান অস্থায়ী বোর্ডের সময় এর আগেও এই সমস্যায় পড়তে হয়েছে নির্বাচকদের। গত কিছুদিনে নানা ঘটনায় বারবার উচ্চারিত হওয়া প্রশ্নটিই তাই উঠছে আবারও, ঢাকার ক্লাব ক্রিকেট কি দেশের ক্রিকেটের চেয়ে বড়?