প্রস্তুতি ম্যাচে খেলছেন সাকিব
টেস্ট দল ঘোষণা হয়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের তিন দিনের ম্যাচটি তাই এখন আক্ষরিক অর্থেই প্রস্তুতি ম্যাচ, ‘দল নির্বাচনী’ ম্যাচ নয়। কমে এসেছে তাই দলের পরিসরও, ১৪ থেকে দল এখন ১২ জনের। তবে পূর্বঘোষিত দল থেকে বাদ পড়েছেন তিনজন। কারণ, নতুন যোগ হয়েছেন একজন। সেই নামটি যথেষ্টই চমক-জাগানিয়া—সাকিব আল হাসান!
মে মাসে জিম্বাবুয়ে সিরিজের পর ক্রিকেট বলতে খেলেছেন শুধু টি-টোয়েন্টি। ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে খেলে ওয়েস্ট ইন্ডিজে খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। ওখান থেকেই ফিরেছিলেন চোট নিয়ে, যে চোট তাঁকে খেলতে দেয়নি ঢাকা প্রিমিয়ার লিগের শুরুটায়। কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে খেলতে পেরেছেন কেবল একটি ম্যাচ। এর আগে খেলতে পারেননি খুলনার তিন দিনের ম্যাচটিও। সব মিলিয়ে ম্যাচ অনুশীলনে ঘাটতি কিছুটা আছে। টেস্ট সিরিজে দলের সেরা ক্রিকেটারকে সেরা চেহারায় পেতেই প্রস্তুতি ম্যাচে খেলানো হচ্ছে। নির্বাচকেরা খুব করে চাইছিলেন, প্রস্তুতি ম্যাচটায় সাকিবকে খেলাতে।
নির্বাচক হাবিবুল বাশার বলছিলেন, ‘প্রিমিয়ার লিগে মাত্র একটি ম্যাচ খেলেছে সাকিব, সেটিতেও ব্যাটিং-বোলিংয়ের সুযোগ বেশি পায়নি। প্রস্তুতি ম্যাচটি ওর কাজে লাগবে। সাকিবও প্রস্তুতি ম্যাচ খেলাটিকে খুব ইতিবাচক হিসেবে নিয়েছে।’ সাকিবের কণ্ঠেও বাশারের কথার প্রতিধ্বনি, ‘ম্যাচ অনুশীলনের একটা সুযোগ পাওয়ায় ভালোই হয়েছে। বড় পরিসরের ম্যাচ খেলি না দীর্ঘদিন। আশা করি, এই ম্যাচটি আমাকে টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে।’
প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দলে আছেন মমিনুল হক, নেই জহুরুল ইসলাম ও মেহরাব হোসেন। পূর্বঘোষিত প্রস্তুতি ম্যাচের দল থেকে বাদ পড়েছেন এই তিনজন। টেস্ট দলের সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ নেতৃত্ব দেবেন এই ম্যাচে। সব মিলিয়ে টেস্ট দলের পাঁচজন আছেন প্রস্তুতি ম্যাচের ১২ জনের দলে। স্কোয়াড চূড়ান্ত হলেও তাই একাদশে ঢোকার লড়াইয়ে বড় নিয়ামক হতে পারে ম্যাচটি। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে তিন দিনের ম্যাচটি শুরু হচ্ছে কাল।
বিসিবি একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, এনামুল হক, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, সাজেদুল ইসলাম, সৌম্য সরকার, মুক্তার আলী, নূর হোসেন, ফরহাদ রেজা।