প্রস্তুতি ম্যাচে জহুরুলের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ রানের জন্য সেঞ্চুরি মিস করায় আক্ষেপ থাকতে পারে মোহাম্মদ আশরাফুলের। তবে আনন্দিত হওয়ারও কারণ আছে। ওভালে সারের বিপক্ষে ড্রয়ের দিকে এগোতে থাকা তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে খেলা ৮৯ রানের ইনিংসটা যে তাঁর ফর্মে ফেরার ঘোষণা! বাংলাদেশের আরেক ব্যাটসম্যান জহুরুল ইসলামের অবশ্য কোনো আক্ষেপই থাকার কথা নয়। কাল দ্বিতীয় দিনে ৬ উইকেটে বাংলাদেশের ৩৭২ রানে প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর অষ্টম সেঞ্চুরিটিরই বড় অবদান।ইংলিশ কাউন্টির দল সারে ৭ উইকেটে ৩১৮ রান করে ইনিংস ঘোষণার পর আগের দিনই কোনো উইকেট না হারিয়ে ১২ রান করেছিল বাংলাদেশ। জহুরুলের সঙ্গে ইমরুল কায়েসের সেই ওপেনিং জুটি বেশি দূর যেতে পারেনি। কাল আর ৩৭ রান তুলতেই লরি ইভান্সের বলে বোল্ড হয়ে যান ইমরুল (১৬)। তবে দ্বিতীয় উইকেটজুটিতে জহুরুল-আশরাফুলের ১৯৪ রানের জুটি দলের বাকি ব্যাটসম্যানদের ব্যাটিং প্র্যাকটিসের অপেক্ষাকে করেছে দীর্ঘ। নিজের শততম প্রথম শ্রেণীর ম্যাচে ১৫৫ মিনিট উইকেটে ছিলেন আশরাফুল। ১৪১ বলে ৮টি বাউন্ডারিসহ ৮৯ রান করে টম জুয়েলের বলে আশরাফুল বোল্ড হওয়ার আগেই ১৫৮ বলে সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন জহুরুল।এখন পর্যন্ত একটাই মাত্র টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন জহুরুলের ব্যাট ইংলিশ কন্ডিশনে মানিয়ে নেওয়ার কাজ অনেকটাই সেরে ফেলল প্রথম ম্যাচে। দীর্ঘ পরিসরের ক্রিকেট বলে খুব যে সংযমী ছিলেন, তাও নয়। নার্ভাস নাইনটিতে পৌঁছার পর দুই বাউন্ডারিতে ৯৮, সেখান থেকে ছক্কা মেরে করেছেন সেঞ্চুরি। ১৯টি চার ও ২টি ছক্কায় সাজানো জহুরুলের ক্যারিয়ার-সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংসটি এসেছে ২৫৬ বলে। ৯০ বলে ৩টি চারে ৫২ রান করেন মুশফিকুর।এর আগে ম্যাথু স্প্রাইজেলের অপরাজিত ১০৮ ও স্টুয়ার্ট মিকারের ৯৪ রানের সৌজন্যে ইনিংস ঘোষণার আগে ৭ উইকেটে ৩১৮ রান করেছিল সারে। মিকারকে সেঞ্চুরি-বঞ্চিত করে বাংলাদেশের হয়ে শেষ উইকেটটি পেয়েছেন পেসার শাহাদাত হোসেন। এটিসহ সারের ৭টি উইকেটই তুলেছেন বাংলাদেশের পেসাররা, উইকেটশূন্য থেকেছেন চার স্পিনারই।সংক্ষিপ্ত স্কোর: সারে ১ম ইনিংস: ৮২.২ ওভারে ৩১৮/৭ ডিক্লে. (স্প্রাইজেল ১০৮*, মিকার ৯৪; রবিউল ৬৭/৩, রুবেল ২/৩০, শাহাদাত ১/৪৩, মাহবুবুল ১/৫০)। বাংলাদেশ ১ম ইনিংস: ১০২.৫ ওভারে ৩৭২/৬ (ইমরুল ১৬, জহুরুল ১৫৮, আশরাফুল ৮৯, মুশফিকুর ৫২, মাহমুদউল্লাহ ২৭, নাঈম ০, সাকিব ৫*; ডান ৩/৪৮, জুয়েল ১/২২, ইভান্স ১/৩০, কিং ১/১৩৪)।