প্রস্তুতি ম্যাচে জিতল অনূর্ধ্ব-১৯ দল
কখনো উচ্চ স্বরে চিৎকার করছেন। কখনো ডাগ-আউট থেকে উঠে মাঠে ঢুকে নির্দেশনা দিচ্ছেন। বাংলাদেশ দলের প্রধান কোচ নিকোলা ইলিয়েভস্কিকে কাল বিকেলে সারাক্ষণ ব্যস্তই দেখা গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ২৫ অক্টোবর ঢাকায় শুরু হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল বাছাইপর্বের আগে কালই শেষ প্রস্তুতি ম্যাচ খেলে ফেলল বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের দুটিতেই জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অনূর্ধ্ব-২২ ‘বি’ দলের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল। অনূর্ধ্ব-২২ ‘এ’ দলের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল।কোচের ইচ্ছা ছিল টুর্নামেন্ট শুরুর আগে বিদেশি দলের সঙ্গে খেলিয়ে অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবেন। সেই সম্ভাবনা একেবারেই কম। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় যদিও বললেন, ‘ভারতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা। এ মুহূর্তে ভারত অনূর্ধ্ব-১৯ দল গোয়ায় অনুশীলন করছে। গোপনীয়তা রক্ষার স্বার্থে আমাদের সঙ্গে ম্যাচ খেলতে রাজি হচ্ছে না। কলকাতায় এখনো পূজার ছুটি চলছে। পশ্চিমবঙ্গ দলের সঙ্গেও সম্ভবত খেলা হবে না। তবে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ কোচ ইলিয়েভস্কি এখন এসব নিয়ে আর ভাবছেন না। প্রস্তুতি ম্যাচ নিয়ে তিনি দারুণ খুশি, ‘আমি অনূর্ধ্ব-১৯ দলের পারফরম্যান্সে খুশি। ছেলেদের বলের নিয়ন্ত্রণ ভালো। ওরা শট পাসে খেলেছে। আগের চেয়ে অবশ্যই উন্নতি হয়েছে এদের।’ নির্দিষ্ট কোনো লক্ষ্যের কথা না বলতে পারলেও ভালো করার ব্যাপারে আশাবাদী তিনি, ‘এই টুর্নামেন্টে ইরাক, সৌদি আরব, ওমান ফেবারিট। প্রতিটি দলই ভালো। তবে আমি আশাবাদী। সব ম্যাচেই জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামব।’