প্রস্তুতি ম্যাচে জিতল দক্ষিণ আফ্রিকা
বিশ্বকাপ ইতিহাসের প্রথম স্বাগতিক হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হবে—দক্ষিণ আফ্রিকার ব্যাপারে সবাই এ সিদ্ধান্ত যেন নিয়েই রেখেছে। নিজেদের অবস্থা বুঝতে পেরে গত দুমাস ব্রাজিল ও জার্মানিতে নিবিড় প্রশিক্ষণ নিয়েছে তারা। ফলটাও পেতে শুরু করেছে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পরশু নেলসপ্রুইটে থাইল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে বাফানা বাফানারা। এ ম্যাচ দিয়েই যাত্রা শুরু করল নেলসপ্রুইট স্টেডিয়াম। এখানে হবে বিশ্বকাপের চারটি ম্যাচ। তবে ‘এ’ গ্রুপে দক্ষিণ আফ্রিকার সঙ্গী মেক্সিকো ও ‘বি’ গ্রুপে দক্ষিণ কোরিয়া নিজ নিজ ম্যাচ জিতে জানিয়ে দিয়েছে প্রস্তুত তারাও।১৯৯২ সালে আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তনের পর এই জয়টি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড়। ২২ মিনিটে ফ্রি-কিক থেকে সিফিউই শাবালালার গেলে এগিয়ে যাওয়ার পর ৩০ ও ৩৪ মিনিটে দুটি গোল করেন স্ট্রাইকার কাটলেগো এমফেলা। ৮৯ মিনিটে শেষ গোলটি বার্নার্ড পার্কারের। বিশ্বকাপের আগে কার্লোস আলবার্তো পাহেইরার দল আরও প্রস্তুতি ম্যাচ খেলবে বুলগেরিয়া, কলম্বিয়া ও ডেনমার্কের বিপক্ষে।মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়ামে চিলিকে মেক্সিকো হারিয়েছে আলবার্তো মেদিনার একমাত্র গোলে। এ নিয়ে টানা তিন ম্যাচ ১-০ ব্যবধানে জিতল মেক্সিকো। গত সপ্তাহে এই মেদিনার গোলেই সেনেগালকে হারিয়েছিল তারা শিকাগোতে, বৃহস্পতিবার হিউস্টনে অ্যাঙ্গোলার বিপক্ষে জিতেছিল গুয়ার্দাদোর গোলে।সিউলে ইকুয়েডরকে হারিয়েছে দক্ষিণ কোরিয়া ২-০ গোলে। ৭০ মিনিটে লি সিউং রিওল, ৮৪ মিনিটে লি চুং-ইয়ং গোল দুটি করেন। এএফপি।