প্রস্তুতি ম্যাচে জিতল ফ্রান্স ও নেদারল্যান্ডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স ও নেদারল্যান্ডস। গতকাল বুধবার অনুষ্ঠিত ম্যাচে ফ্রান্স কোস্টারিকাকে ও নেদারল্যান্ডস মেক্সিকোকে পরাজিত করে। দুটি ম্যাচেরই ফলাফল ছিল ২-১। ১৯৯৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ও ২০০৬-এর রানার্সআপ ফ্রান্স কোস্টারিকার বিপক্ষে পুরো খেলায়ই আধিপত্য বিস্তার করে খেলেও দুটির বেশি গোল পায়নি। বরং কোস্টারিকা ভালো খেলেই ফ্রান্সকে বুঝিয়ে দিয়েছে তাদের দুর্বল দিকগুলো। কোচ রেমন্ড ডমেনেখ গতকাল কোস্টারিকার বিপক্ষে কিছুটা ঝুঁকিই নিয়েছিলেন দল গঠনে। নিয়মিত অধিনায়ক থিয়েরি অঁরির বদলে পুরোভাগে নিকোলাস অ্যানেলকাকে মাঠে নামিয়েছিলেন। বিশ্বকাপের আগে চোটগ্রস্ত রক্ষণসেনা উইলিয়াম গালাসকে মাঠে নামিয়েও পরীক্ষা-নিরীক্ষা করেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর ফ্রান্সের হয়ে কাল মাঠে ছিলেন ফ্রাংক রিবেরি। সব মিলিয়ে জয় যদি উদ্দেশ্য হয়, তাহলে ডমেনেখকে গতকাল সফলই বলা যাবে। কারণ ফ্রান্স ম্যাচটা জিতেছে, কিন্তু কোস্টারিকার মতো দলের বিপক্ষে ফ্রান্সের ফিনিশিংয়ের দুর্বলতা বড় নির্মমভাবেই কাল চোখে পড়েছে। দেশের পক্ষে প্রথম খেলতে নেমে ম্যাথিউ ভ্যালবুয়েনার গোলে কোনোমতে মান বাঁচিয়েছে সাবেক এই বিশ্বচ্যাম্পিয়নরা। খেলার ১২ মিনিটেই অবশ্য গোল করে এগিয়ে গিয়েছিল এবারের বিশ্বকাপে কনকাকাফ অঞ্চল থেকে দক্ষিণ আফ্রিকার টিকিট না পাওয়া কোস্টারিকা। প্রায় ২৫ গজ দূর থেকে একটি দুর্দান্ত শটে গোল করেন কার্লোস হার্নান্দেজ। গোল খাওয়ার চার মিনিট পরই অবশ্য গোল শোধ করে দেয় ফ্রান্স। গোলটি ছিল অবশ্য আত্মঘাতী। জার্মেই টাউলালান ও ফ্রাংক রিবেরির সমন্বয়ে একটি পরিকল্পিত আক্রমণ ফেরাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন কোস্টারিয়ান ডিফেন্ডার ডগলাস সিকুইরা। খেলার ৬৩ মিনিটে ম্যাথিউ ভ্যালবুয়েনার একটি সুযোগসন্ধানী গোল ফ্রান্সকে এনে দেয় মান বাঁচানো এক জয়। আগামী ৩০ মে ফ্রান্স আরও একটি প্রস্তুতিমূলক ম্যাচে তিউনিশিয়া ও ৪ জুন চীনের বিপক্ষে খেলবে। এ দিকে নেদারল্যান্ডসের ফ্রেইবার্গে বিশ্বকাপের অন্য প্রস্তুতিমূলক ম্যাচে নেদারল্যান্ডস ২-১ গোলে হারিয়েছে মেক্সিকোকে। ডাচ তারকা রবিন ভ্যান পার্সির জোড়া গোল নেদারল্যান্ডসকে বিশ্বকাপের আগে একটি সুন্দর আত্মবিশ্বাসী জয় এনে দেয়। মেক্সিকোর পক্ষে হাভিয়ের হার্নান্দেজ একটি গোল শোধ করেন।খেলার ১৭ মিনিটেই ভ্যান পার্সি গোল করে এগিয়ে নেন ডাচদের। বিরতির ঠিক আগ মুহূর্তে ভ্যান পার্সির আরও একটি গোলে নেদারল্যান্ডস এগিয়ে যায় ২-০ গোলে। খেলার ৭৪ মিনিটের সময় জর্জ টোরেসের ক্রসে মাথা ছুঁইয়ে নেদারল্যান্ডসের জালে বল পাঠিয়ে দেন হার্নান্দেজ।