প্রস্তুতি ম্যাচে জিমিেদর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রমণক্লান্তির ধকল কাটিয়ে উঠতে না-উঠতেই মালয়েশিয়ায় পরশু বাংলাদেশ হকি দলকে মাঠে নামতে হয়েছিল। মালয়েশিয়া অনূর্ধ্ব-২১ দলের কাছে হারের পরও তাই খুব একটা মন খারাপ করেননি জিমিরা। প্রায় ১০ ঘণ্টা বিশ্রামের পর কাল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে জিতেছে ৫-১ গোলে। মিমো ২টি, আশরাফুল, খোরশেদ ও রোমান ১টি করে গোল করেছেন।
সিঙ্গাপুরে দ্বিতীয় রাউন্ডে খেলার আগে এ জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে, এটাই স্বাভাবিক। কাল মালয়েশিয়া থেকে মুঠোফোনে সহকারী ম্যানেজার রফিকুল ইসলামও (কামাল) বললেন সেটাই, ‘প্রথম ম্যাচে খেলার আগে ছেলেরা একদমই বিশ্রাম পায়নি। তবে আজ বেশ ফুরফুরে হয়ে খেলতে নেমেছে। সিঙ্গাপুরে খেলার আগে এমন জয় পেয়ে সবাই মানসিকভাবে খুব উজ্জীবিত।’ যদিও প্রস্তুতি ম্যাচের জয়-হার নিয়ে মোটেও ভাবছেন না কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তি, ‘আসলে এসব ম্যাচের জয়-পরাজয় বড় কিছু নয়। আমরা ছেলেদের ভুলত্রুটিগুলো দেখতে চেয়েছি, পরস্পরের মধ্যে বোঝাপড়াটা কেমন ছিল, সেটাও দেখার চেষ্টা করেছি।’ গ্রুপে নিজেদের অবস্থান কেমন হবে তা নিয়েই বেশি ভাবছেন এই মালয়েশিয়ান, ‘গ্রুপে আমরা মেক্সিকোর ম্যাচের দিকেই চেয়ে আছি। গ্রুপে দ্বিতীয় বা তৃতীয় হওয়ার চেষ্টা থাকবে আমাদের। তাহলে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মালয়েশিয়াকে এড়ানোর সম্ভাবনা থাকবে।’
মালয়েশিয়া থেকে আজ সিঙ্গাপুর যাবে হকি দল। সেখানে আগামীকাল ইউক্রেনের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ আছে। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ জানুয়ারি, প্রতিপক্ষ জাপান।