প্রস্তুতি ম্যাচে জয় নিয়ে শুরু মুশফিকদের
আবহাওয়া বার্তায় বৃষ্টির পূর্বাভাস না থাকলেও মাথার ওপর মেঘের ওড়াউড়ি। গতকাল ত্রিনিদাদ থেকে বাংলাদেশ দলের ম্যানেজার যখন টেলিফোনে তা জানাচ্ছেন, তখন অবশ্য ওখানে সকাল। স্থানীয় সময় বিকেল পৌনে চারটায় (বাংলাদেশে রাত পৌনে দুইটা) শুরু হওয়ার কথা ছিল ত্রিনিদাদ সফরে বিসিবি একাদশ নামের ছায়ায় থাকা বাংলাদেশ দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। প্রতিপক্ষ বারবাডোজ।এই সফরে একটাই প্রস্তুতি ম্যাচ খেলেছে মুশফিকুর রহিমের দল। টোবাগোতে অনুষ্ঠিত পরশু রাতের সেই টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ টোবাগোকে হারিয়েছে ৫৯ রানে। বাংলাদেশের ৮ উইকেটে করা ১৬৯ রানের ইনিংসে সর্বোচ্চ ৩৪ (১৯ বলে) জিয়ার। বাকি ব্যাটসম্যানদের রান—মুশফিক ৩২, মাশরাফি ২৮*, জুনায়েদ ২৭, আশরাফুল ২৪, সাকিব ৯, সানি ৪* ও নাসির ১। শূন্য রানে আউট হয়েছেন তামিম ও মাহমুদউল্লাহ।জবাবে ৮ উইকেটে ১১০ রান করেছে টোবাগো। শফিউল ২টি উইকেট নিয়েছেন। মাশরাফি, রাজ্জাক, সানি, হাসান, মাহমুদউল্লাহ ও নাসির নিয়েছেন ১টি করে উইকেট। ম্যান অব দ্য ম্যাচ হন মাশরাফি।