প্রস্তুতি ম্যাচে তারুণ্যের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল টিকিট কাউন্টারে ভিড় ছিল না, আগেও বিক্রি হয়নি খুব বেশি টিকিট। তারও আগে যদি বলে দেওয়া হয় ম্যাচটা বাংলাদেশ বনাম কানাডা—এই ম্যাচ নিয়ে কারও আগ্রহ কম থাকারই কথা।জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রস্তুতি ম্যাচটির আগে দুই দলের কোচের কথাবার্তায়ও প্রতিদ্বন্দ্বিতার আমেজ থাকল না। প্র্যাকটিস ম্যাচের আগে তাঁরাও যেন একটু কথার ‘প্র্যাকটিস’ করলেন। এ ধরনের ম্যাচে প্রতিপক্ষকে কথা দিয়ে আঘাত করার কিছু নেই, কেউ সেটা করলেনও না। জেমি সিডন্স এবং কানাডার সঙ্গে দুই বছর ধরে কাজ করা শ্রীলঙ্কান কোচ পুবুদু বাথিয়া দেশানায়েকের কাছে ম্যাচটা কেবল নিজেদের দেখে নেওয়ার উপলক্ষই। বাংলাদেশ দল তো ম্যাচের আগের দিন অনুশীলনও করল খুব হালকা।সিডন্স অনেকবারই জানিয়েছেন, তাঁর সবচেয়ে বেশি চিন্তার কারণ পাওয়ার প্লের ব্যবহার। বিশ্বকাপের অনুশীলনে এ নিয়ে কাজ করেছেন, প্রস্তুতি ম্যাচেও পাওয়ার প্লের প্রস্তুতি দেখাই হয়ে দাঁড়িয়েছে মূল উদ্দেশ্য, ‘সবকিছু ঠিকঠাকভাবে এগোচ্ছে কি না, মূলত সেটাই দেখব। পাওয়ার প্লেটা খুব গুরুত্বপূর্ণ। ১০ ওভারের মধ্যে সাকিব-রাজ্জাকের বল হাতে নেওয়ার চেয়ে নতুন বলের বোলারদের ভালো করাটা জরুরি। আর ব্যাটিংয়ে করতে হবে ভালো একটা স্কোর।’২০০৩ বিশ্বকাপে বাংলাদেশকে তিক্ত অভিজ্ঞতা ‘উপহার’ দিলেও আশিস বাগাইয়ের কানাডা বাংলাদেশের চেয়ে যোজন যোজন পিছিয়ে। এমন একটা দলের বিপক্ষে নিজেদের ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জটাই বড় হয়ে উঠবে স্বাভাবিক। তবে সিডন্স মনে করিয়ে দিলেন, ম্যাচে বুঝে নেওয়ার আছে প্রাপ্য জয়টাও, ‘এটা এমন কোনো ম্যাচ না। তবে ছোট ছোট আরও কিছু জিনিস ফাইন টিউন করার ব্যাপার আছে। ম্যাচটা জেতারও চেষ্টা করতে হবে আমাদের।’ব্যাটিং-ফিল্ডিং ১১ জন করে করলেও ১৫ জনের দল থেকে যেকোনো সময় যে কাউকে ডেকে নেওয়া যাবে মাঠে। ১৫ জনের বদলে বাংলাদেশ অবশ্য ১২ জনকে খেলাতে চায় এই ম্যাচে। সে ক্ষেত্রে দলের বাইরে থাকবেন রকিবুল হাসান, শাহরিয়ার নাফীস ও মোহাম্মদ সোহরাওয়ার্দী। ১২তম খেলোয়াড় হিসেবে থাকছেন নাজমুল হোসেন। নাজমুল শুধু বোলিং করবেন, ব্যাটসম্যানদের একজন শুধু ব্যাটিং। আশরাফুল খেললে তাঁর জায়গা হবে ছয়ে। প্র্যাকটিস ম্যাচ থেকেই চার নম্বরে উঠিয়ে আনা হচ্ছে মুশফিকুর রহিমকে।বাংলাদেশ দলের মতো প্রস্তুতি ম্যাচটা কানাডার জন্যও একটা আয়না। বিশ্বকাপের আগে যে আয়নায় দেখে নেওয়ার সুযোগ পাবে তারা দুর্বলতা আর শক্তির জায়গাগুলো। দলে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ‘বুড়ো ক্রিকেটার’, তিরিশের ওপর বয়স আরও কয়েকজনের। তবু কোচ দেশানায়েকের কাছে দলটা তরুণ। এ দলটিকে নিয়েই তিনি আশাবাদী, তাঁর চোখ চলে গেছে দ্বিতীয় রাউন্ডে, ‘আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে চাই। আমাদের সে সামর্থ্য আছে। তবে সবকিছুই নির্ভর করছে কতটা ভালোভাবে শুরু করতে পারলাম, তার ওপর।’ গ্রুপ পর্বে কানাডা তাদের চারটি ম্যাচ খেলবে ভারতে, দুটি শ্রীলঙ্কায়। এর আগে বাংলাদেশে খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। আজ বাংলাদেশের বিপক্ষে, আরেক ম্যাচের প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাচ দুটিকে বিশ্বকাপ প্রস্তুতির ভালো সুযোগ হিসেবেই দেখছেন কোচ দেশানায়েকে, ‘এর আগে আমরা দুবাইতে ১০ দিন ছিলাম। তারও আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ভারতে গেছি। আমাদের দলটা তরুণ। বেশির ভাগেরই প্রথম বিশ্বকাপ হবে এটি। কাজেই এখানে আসাটা অনুশীলনের খুব ভালো হলো। বাংলাদেশ দলে ভালো ভালো স্পিনার আছে। বিশ্বকাপের তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতাও কাজে দেবে।আমরা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের পর তরুণ কিছু খেলোয়াড়কে গড়ে তোলার চেষ্টা করি। অনূর্ধ্ব-১৯ দল থেকে যে পাঁচজনকে নেওয়া হয়েছে তারা তো খুবই ভালো।’সাকিব আল হাসানের দলটা তরুণ, কানাডাও তরুণ। কিন্তু তারুণ্যের এই লড়াইয়ে সাকিবরা ‘বড় ভাই’।