প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ‘তাণ্ডব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব আল হাসান ৪১ বলে ৯৭, জহুরুল ইসলাম ৩৮ বলে ৭২, মুশফিকুর রহিম ২৫ বলে ৬২, মাহমুদউল্লাহ ৭ বলে অপরাজিত ২৪। ২০ ওভারে রান ৪ উইকেটে ২৭৩। গতকাল প্রথম প্রস্তুতি ম্যাচে জাতীয় দল ৯৩ রানে হারাল ‘এ’ দলকে। হয়তো ভাবছেন, আসন্ন আয়ারল্যান্ড সফর হয়ে এই ব্যাটিংটাই যদি নিয়ে যাওয়া যেত সেপ্টেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপে!আশাবাদী হওয়ার মতো ব্যাটিং তো অবশ্যই। তবে সমস্যা হলো এই ব্যাটিং আয়ারল্যান্ড বা শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়ে যেতে হলে সঙ্গে নিতে হবে কাল যেখানে খেলা হয়েছে, সেই বিসিবি একাডেমি মাঠটাকেও। দুই পাশের বাউন্ডারি মোটামুটি চলনসই হলেও উইকেটের সোজাসুজি খুবই ছোট। সোজা মারা ছক্কাগুলোর বেশির ভাগই হয়তো বড় মাঠে ক্যাচ হয়ে যেত।তার পরও এই ব্যাটিংয়ে হাত খুলে খেলার অনুশীলন অন্তত হলো। ব্যাটিংয়ের মজাটাও উপভোগ করলেন ব্যাটসম্যানরা। সাকিবের জন্য সেটা আরও উপভোগ্য হতো প্রত্যাশিত সেঞ্চুরিটা পেয়ে গেলে। ৯ বাউন্ডারির সঙ্গে ৮টা ছক্কা মেরেছেন। ‘এ’ দলের পেসার ডলার মাহমুদকে আরও একটা ছক্কা মেরেই হয়তো করতে চেয়েছিলেন সেঞ্চুরিটা। কিন্তু মিড উইকেটে ধরা পড়ে গেলেন সাব্বিরের হাতে। ৯৭ রানে আউট হওয়া সাকিব শূন্যে ব্যাট ঝাঁকিয়ে যেভাবে হতাশা প্রকাশ করলেন, মনে হলো বুঝি আন্তর্জাতিক ম্যাচই খেলছেন। মাঠ ছাড়ার সময় অবশ্য হাসিমুখই থাকল। হোক ছোট মাঠের প্রস্তুতি ম্যাচ, বিশ্রামের পর খেলায় ফেরাটা তো ভালোভাবে হলো।সাকিবের আগে জহুরুলের ব্যাটও বেধড়ক পিটিয়েছে ‘এ’ দলের বোলারদের। জাতীয় দলের ব্যাটসম্যানদের ২২ ছক্কার মধ্যে তাঁরও আছে ৫টি, সঙ্গে ৭টি চার। মুশফিক চার মেরেছেন চারটি, ছক্কা ছয়টি। মাহমুদউল্লাহর ৭ বলের ইনিংসেই তিন ছক্কা আর এক বাউন্ডারি। একমাত্র আশরাফুলই পারেননি ব্যাটিংয়ের মজাটা নিতে। করতে পেরেছেন ১০ বলে ১৩।ছোট মাঠের সুবিধা ‘এ’ দলের ব্যাটসম্যানরাও নিয়েছেন। ৬ উইকেটে ১৮০ রান সে কথাই বলে। তবে সাকিব-জহুরুলদের মতো বিধ্বংসী হয়ে উঠতে পারেননি কেউ। অধিনায়ক ফরহাদ রেজা ২৭ বলে অপরাজিত ৪৫, ২৮ বলে নাঈম ৪০।একে টি-টোয়েন্টি ম্যাচ, তার ওপর ছোট মাঠ। সঙ্গে ব্যাটসম্যানদের পারফরম্যান্সও বলে দিচ্ছে, একাডেমি মাঠে কাল কতটা নির্যাতিত হয়েছেন বোলাররা। অবশ্য সাকিব ব্যতিক্রম এখানেও। ৪ ওভারে ২৫ রান দিয়ে শুধু একটি উইকেটই পাননি, পেয়েছেন একটা মেডেন ওভারও।দুপুরে বৃষ্টির কারণে পুরোপুরি হতে না-পারা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটাও হতে চলেছিল বোলার নির্যাতনের প্রামাণ্যচিত্র। ‘এ’ দল ১৯ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান করার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। সাত ছক্কা আর ছয় বাউন্ডারিতে ৪৯ বলে ৮৭ রান করে তখনো অপরাজিত নাঈম ইসলাম।