প্রস্তুতি ম্যাচে বড় জয় শ্রীলঙ্কার
নিজেদের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা যে শিরোপার অন্যতম প্রধান দাবিদার, সেটার প্রমাণ প্রস্তুতি ম্যাচে বেশ ভালোমতোই পাওয়া গেল। আজ ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো নাজেহাল করে নয় উইকেটের বিশাল জয় পেয়েছে লঙ্কানরা। জয়ের জন্য ১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চার ওভার দুই বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা। আরেক ম্যাচে জিম্বাবুয়েকে ৫৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ড।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয় পেতে কোনো সমস্যাই হয়নি শ্রীলঙ্কার। পঞ্চম ওভারে ৩২ রানের মাথায় ওপেনার দিলশান মুনাওয়েরার উইকেট হারিয়েছিল লঙ্কানরা। তারপর আর কোনো সাফল্যই পাননি উইন্ডিজ বোলাররা। দ্বিতীয় উইকেটে ১০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে শ্রীলঙ্কাকে অনায়াস জয় এনে দেন আরেক ওপেনার তিলকারত্নে দিলশান ও অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। দিলশানের ব্যাট থেকে এসেছে ৩৮ বলে ৫০ রানের চমত্কার এক ইনিংস। আর জয়াবর্ধনে করেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান।এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে কখনোই বড় কোন জুটি গড়ে তুলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। পঞ্চম উইকেটে ড্যারেন ব্রাভো ও কাইরন পোলার্ডের করা ৩৪ রানের জুটিটিই ছিল দলের পক্ষে সর্বোচ্চ। ব্রাভো করেছেন ২৯ রান। পোলার্ড ২৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেছেন জনসন চার্লস। শ্রীলঙ্কার পক্ষে ৩৫ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেছেন নুয়ান কুলাসেকারা।টি-টোয়েন্টি বিশ্বকাপের অপর প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৫৪ রানের জয় পেয়েছে আয়ারল্যান্ড। নেইল ও’ব্রায়েনের ৬২ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ১৮১ রান সংগ্রহ করে আইরিশরা। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২৭ রানেই শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেছেন ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা।