প্রস্তুতি ম্যাচে ভারতের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালিঙ্গার দাপটে প্রস্তুতি ম্যাচে জিতল শ্রীলঙ্কা। ছবি: রয়টার্স
মালিঙ্গার দাপটে প্রস্তুতি ম্যাচে জিতল শ্রীলঙ্কা। ছবি: রয়টার্স

এশিয়া কাপের বাজে স্মৃতি না কাটতেই আবারো ভারতের হার। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচটি ছিল কেবলই প্রস্তুতির। প্রস্তুতি ম্যাচের অন্যতম উদ্দেশ্যই থাকে মূল যুদ্ধের আগে হাত মশকো করে আত্মবিশ্বাসের পারদ উঁচুতে নিয়ে যাওয়া। মিরপুরে ভারতকে ৫ রানে হারিয়ে শ্রীলঙ্কা এক্ষেত্রে শতভাগ সফল হলেও মহেন্দ্র সিং ধোনির দলকে বিশ্বকাপ শুরু করতে হচ্ছে পরাজয়ের হতাশা নিয়েই।
টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে কুশল পেরেরা (২১), মাহেলা জয়াবর্ধনে (৩০) ও দিনেশ চান্ডিমালের (২৯) মাঝারি মানের কয়েকটি ইনিংস শ্রীলঙ্কাকে দেয় লড়াই করার পুঁজি। নির্ধারিত ২০ ওভারে লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেটে ১৫৩।
১৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৩ রানের মাথায় ফিরে যান শিখর ধাওয়ান। ১৯ রানেই ভারতের ২ উইকেট হাওয়া! ভারতের জয়ের আশা মূলত জ্বালিয়ে রাখেন পুরোনো দুই সেনানী যুবরাজ সিং ও সুরেশ রায়না। মেন্ডিসের শিকার হওয়ার আগে রায়নার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪১ । কুলাসেকারার বলে ফেরার আগে দ্বিতীয় সর্বোচ্চ আসে যুবরাজের ব্যাট থেকে, ৩৩। একপর্যায়ে ভারতের দরকার ছিল ২ বলে ৬। তখনই মালিঙ্গার ছোবল। শেষ দুই বলে রান তোলা দূরের থাক, ভারত হারাল শেষ দুটি উইকেট। ১৪৮ রানে অলআউট হয়ে হারতে হলো ৫ রানে। আজকের প্রস্তুতি ম্যাচে অবশ্য ব্যাট করতে নামেননি ধোনি।