প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে হারাল অনূর্ধ্ব-১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের কাছে হার। পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়। দুটোই প্রস্তুতির অংশ ছিল। তবে কাগজ-কলমে এবারের যুব বিশ্বকাপের পরিধির ভেতর কালই ঢুকল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ‘অফিশিয়াল’ প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে আনামুল হকের দল শুভ সূচনা করল।ব্রিসবেনের ইউনিভার্সিটি ওভালে বাংলাদেশের যুবাদের বোলিং দাপটে ৩৭.৫ ওভারে মাত্র ১০৬ রানে অলআউট স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯। বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ ২১ রানে ৪টি ও আবু জায়েদ ২১ রানে ৩টি উইকেট নিয়েছে। ১টি করে উইকেট পেয়েছে সৌম্য, তাসকিন ও নাঈম জুনিয়র। তবে ৩৫ রানে দুই উইকেট হারিয়ে বোলারদের সাফল্যটা শুরুতেই ম্লান করে দিচ্ছিল ব্যাটসম্যানরা। জয়ের লক্ষ্য কম হওয়াতেই এই ধাক্কাটা বড় বিপর্যয়ের ডাক দেয়নি। মিডল অর্ডারে আনামুল (৩৪), সালমান (৩৭*), আসিফরা (১৬*) সামলে নিয়েছেন পরিস্থিতি। ২০.১ ওভারে জিতে যায় বাংলাদেশ। দ্রুতই দুটি উইকেট পড়ে যাওয়ার একটা কারণ অবশ্য খুঁজে পাওয়া গেছে ম্যাচ শেষে আনামুলের বলা কথায়, ‘এটা খুব ভালো ব্যাটিং উইকেট, আমরা তাই দ্রুত রান তুলতে চেয়েছিলাম। এই জয়ে আমরা খুশি। আগামীকাল (আজ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ভালো খেলার আশা করছি।’ বিশ্বকাপ শুরুর আগে আজই শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।