প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাই ক্লাব অটোস্পার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শুরু হওয়ার আগে শুভেচ্ছা বিনিময় করছেন দুই দলের অধিনায়ক ছবি: বাফুফে
থাই ক্লাব অটোস্পার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শুরু হওয়ার আগে শুভেচ্ছা বিনিময় করছেন দুই দলের অধিনায়ক ছবি: বাফুফে

থাইল্যান্ড সফরের প্রথম প্রস্তুতি ম্যাচে হেরে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ ব্যাংককে অনুষ্ঠিত খেলায় থাই পেশাদার ফুটবল লিগের দল অটোস্পার কাছে এই হার ২-১ গোলে। থাইল্যান্ড জাতীয় ফুটবল দলের পাঁচ খেলোয়াড় সমৃদ্ধ অটোস্পায় খেলেন কয়েকজন জাপানি ও আফ্রিকান ফুটবলার। শক্তিশালী এই দলের বিপক্ষে এই ম্যাচ সাফ চ্যাম্পিয়নশিপের কঠিন পরীক্ষার আগে দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে।
শক্তিশালী অটোস্পার বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল পেয়ে যেতে পারত বাংলাদেশ। ৬ মিনিটের সময় মিঠুনের ক্রস থেকে বলে টোকা দিতে ব্যর্থ হন ওয়াহেদ। ১৫ মিনিটের সময় ওয়াহেদই সহজ এক সুযোগ নষ্ট করেন। রক্ষণভাগ থেকে থ্রু বাড়ানো একটি বল মোবারক ধরে ওয়াহেদকে দিলে অটোস্পার গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি মোহামেডানের এই তরুণ স্ট্রাইকার।
খেলার ২৪ মিনিটে এগিয়ে যায় অটোস্পা। গোলটি করেন ন্যারোং। একটি প্রতি-আক্রমণ থেকে পাওয়া বলে বাংলাদেশের বক্সে দারুণ ক্রস ফেলেন চামানা। ওই ক্রস থেকে গোল করেন ন্যারং। যদিও ক্রসটি ন্যারোংয়ের হাতে লেগেছে বলে দাবি জানিয়েছিলেন বাংলাদেশের খেলোয়াড়েরা। খেলার ৬৬ মিনিটে মিঠুনের একটি শট অটোস্পার গোলরক্ষককে পরাভূত করলেও তা বারে লেগে ফেরত আসে। ৬৮ মিনিটে ওই ন্যারোংই আরও একটি প্রতি-আক্রমণ থেকে অটোস্পাকে এগিয়ে দেন ২-০ গোলে। ৮৫ মিনিটে অটোস্পার এক ডিফেন্ডার বক্সের মধ্যে তকলিচকে ফাউল করলে প্রাপ্ত পেনাল্টি কাজে লাগান নাসির।

অটোস্পার কোচ ও থাইল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় চালেমভুদের কণ্ঠে খেলা শেষে বাংলাদেশ দলের জন্য ঝরেছে প্রশংসা। বাংলাদেশের বিপক্ষে অতীতে খেলার অভিজ্ঞতাসমৃদ্ধ এই কোচ বলেন, ‘বাংলাদেশের বর্তমান দলটির মুভমেন্ট, বল আদান-প্রদান অতীতের চেয়ে অনেক ভালো। ট্যাকটিক্যালিও দলটি ভালো। কিন্তু এই দলটির মূল দুর্বলতা স্কোরিংয়ে।’ সূত্র: বাফুফে