প্রস্তুতি ম্যাচেও লঙ্কান ক্রিকেটে গৃহদাহের আঁচ
শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি উপালি ধর্মদাসা মাঠে। প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়াও কুয়েত থেকে ভোর পাঁচটায় কলম্বোতে নেমে সরাসরি মাতারার ওয়াইনওয়াত্তা স্টেডিয়ামে। তাঁদের পেছনে দাঁড়িয়ে নির্বাচক কমিটিতে জয়াসুরিয়ার সঙ্গী আরেক সাবেক অধিনায়ক হাশান তিলকরত্নে আফসোস করলেন, ‘বাংলাদেশের আরেকটি প্রস্তুতি ম্যাচ থাকলে খুব ভালো হতো।’এই আফসোসটা না সফরকারী দলই সাধারণত করে থাকে! তাহলে কি শ্রীলঙ্কা ক্রিকেট আপাতত ‘নিষিদ্ধ’ ২৩ ক্রিকেটারকে বাইরে রেখেই প্রথম টেস্টের দল নির্বাচনের সিদ্ধান্ত একরকম চূড়ান্ত করে ফেলেছে? যে কারণে তিলকরত্নের ‘আরেকটা ম্যাচ হলে আরও কিছু খেলোয়াড়কে দেখতে পারতাম’ বলে আফসোস!আগামী শুক্রবার গলে শুরু প্রথম টেস্টের দল ঘোষণা করার কথা ছিল গতকালই। তা হচ্ছে কি না জানতে চাওয়ায় জয়াসুরিয়া হাসতে হাসতে পাশে বসা দুই সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটারকে দেখিয়ে বললেন, ‘দল আর কি! এরিক উপাশান্থা ও চামিন্ডা মেন্ডিস খেলবে। আমিও খেলব।’রসিকতা করছেন। একটু আগে দেওয়া সাক্ষাৎকারে শেষ পর্যন্ত গল টেস্টে শ্রীলঙ্কার সম্ভাব্য সেরা দলটাই খেলবে বলে আশাবাদের কথাও জানিয়েছেন। তবে এটা সনাৎ জয়াসুরিয়ার বহিরঙ্গ। ভেতরে ভেতরে তিনিও শ্রীলঙ্কান ক্রিকেটের এই ঘোর সংকটে মহা দুশ্চিন্তায়। যে কারণে মাঠ থেকে বাড়ি ছুঁয়েই আবার ছুটে গেছেন কলম্বোতে। সেখানে কাল রাতেই ‘বিদ্রোহী’ ক্রিকেটারদের সঙ্গে তাঁর আলোচনায় বসার কথা ছিল।সেই আলোচনা ফলপ্রসূ হয়েছে কি না এই প্রতিবেদন লেখা পর্যন্ত বলা সম্ভব ছিল না। তবে শ্রীলঙ্কা ক্রিকেট-সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে যা বোঝা গেল, ক্রিকেটারদের ‘অন্যায়’ দাবির কাছে কোনোমতেই মাথা নত করবে না বোর্ড। এক কর্মকর্তা বললেন, ‘ওদের দাবি মানলে শ্রীলঙ্কা ক্রিকেটের আয়ের ৭০-৭২ শতাংশ এই ২০-২২ জন খেলোয়াড়ের পেছনে চলে যায়। তাহলে ক্রিকেট উন্নয়ন হবে কীভাবে?’ শ্রীলঙ্কান ক্রিকেটে ‘বোর্ড বনাম ক্রিকেটার’ টানাপোড়েনটা চলছে অনেক দিনই। এই সংকটকে বোর্ড দেখছে সেটির শেষ দেখার একটা সুযোগ হিসেবেই। তাতে যদি বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সারির কোনো দলকে নামাতে হয়, তাতেই সই। ঠিক যেন ২০০৯ সালে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের সফরের পুনরাবৃত্তি। খেলোয়াড়েরা এখানে একটু কোণঠাসাই। সবচেয়ে বেশি মাত্রই অধিনায়ক নির্বাচিত হওয়া অ্যাঞ্জেলো ম্যাথুস। বেশি বেগড়বাই করলে অধিনায়কত্ব হারাবেন। আবার বোর্ডের সঙ্গে আপস করলে হারাবেন ড্রেসিংরুমের আস্থা। এসএলসি পরিষ্কার জানিয়েছে, চুক্তি স্বাক্ষর না করলে এসএলসির কোনো ভেন্যুতে প্রবেশাধিকারও থাকবে না। আইপিএলে পুনে ওয়ারিয়র্সের সঙ্গে সাড়ে নয় লাখ ডলারের চুক্তিটাও নিশ্চয়ই মাথায় আছে ম্যাথুসের। এলএসসি ছাড়পত্র না দিলে তো আইপিএলও খেলা হবে না।শ্রীলঙ্কা শিবিরে এই গৃহদাহের খবর বাংলাদেশ দলেও স্বাভাবিকভাবেই আলোচিত হচ্ছে এবং সেটি স্বস্তি-অস্বস্তি দুটিরই জন্ম দিচ্ছে। পেস বোলার শাহাদাত হোসেন যেমন খবরটা শুনেই বললেন, ‘আমাদের জন্য এটি ভালো সুযোগ।’ পাশে বসে থাকা তামিম ইকবাল অবশ্য প্রতিবাদ করলেন, ‘এটা উল্টো আমাদের ওপর বাড়তি চাপ হয়ে যাবে। শ্রীলঙ্কার আসল দল খেললেই ভালো।’তামিম-শাহাদাতের এই পরিস্থিতির সঙ্গে পূর্বপরিচয় আছে। ২০০৯ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুজনই ছিলেন। তিন দিনের প্রস্তুতি ম্যাচে দুজনই দলের বাইরে। হাতের চোট তামিমকে খেলতে দেয়নি। বাকি ১৪ জনকেই একটু বাজিয়ে দেখার যে সুযোগ নিতে চেয়েছিলেন কোচ শেন জার্গেনসেন, স্বাগতিক দল তাতে রাজি না হওয়ায় তামিম-শাহাদাত ছাড়াও বাইরে থাকতে হয়েছে রবিউল ও মার্শাল আইয়ুবকে। প্রতি দলে ১১ জন করে আদর্শ একটা প্রথম শ্রেণীর ম্যাচই হচ্ছে শেষ পর্যন্ত।সেটির প্রথম দিন শেষে বাংলাদেশ দলের অধিনায়ক ও কোচের কপালে একটু দুশ্চিন্তার ভাঁজ পড়াটাই প্রত্যাশিত ছিল। ৮৯.৫ ওভারে শ্রীলঙ্কান তরুণেরা টেস্ট আক্রমণের বিপক্ষে তুলে ফেলেছে ৩৯৮ রান। রানরেট ৪.৪৩। জার্গেনসেনের মনে যা-ই থাক, মুখে এটিকে বড় করে দেখাতে চাইলেন না। রানরেটটা ‘চারের নিচে’ রাখার লক্ষ্য ছিল জানিয়ে বললেন, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো। আউটফিল্ডও খুব দ্রুত। এখানে এমন হতেই পারে।’টানা টি-টোয়েন্টি খেলে এসে দীর্ঘ পরিসরের ম্যাচের সঙ্গে মানিয়ে নেওয়াটাই তাঁর কাছে বেশি গুরুত্ব পাচ্ছে। সেটি সবচেয়ে ভালো করলেন সোহাগ গাজী। উইকেট থেকে কোনো সাহায্য না পেয়েও ফ্লাইটের বৈচিত্র্যে ৫ উইকেট। ইলিয়াস সানি ২ উইকেট নিলেও তাঁর বোলিং মোটেই দ্বিতীয় স্পিনার নিয়ে নিশ্চিন্ত হওয়ার মতো নয়। অথচ বাংলাদেশ দলে স্পিনার এই দুজনই!রুবেল হোসেন সারা দিনে ১৭ ওভার বোলিং করে ফিটনেসের প্রমাণ দিলেন। আরেক পেসার আবুল হাসান যেখানে বাড়িয়ে দিলেন তাঁকে নিয়ে সংশয়। ৬ ওভার বোলিং করেই পানিশূন্যতা ও হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মাঠ ছাড়লেন। সারা দিন আর নামতেই পারলেন না। এত দিন ইংল্যান্ড-নিউজিল্যান্ডের কাছ থেকে যা শুনে অভ্যস্ত ছিল সবাই, এবার বাংলাদেশও দেখা গেল সেই কথা বলছে! বাংলাদেশের ‘শীত’ থেকে এখানকার গরমে মানিয়ে নেওয়া নাকি খুব কঠিন!তা-ই যদি হয়, সুযোগটা সবচেয়ে ভালো নিলেন কিতুরুওয়ান ভিতানাগে। ১৫৭ বলে ১৫৭ রান করে অপরাজিত এই বাঁহাতি। শ্রীলঙ্কান ক্রিকেটের গৃহবিবাদ না মিটলে গল টেস্টে তাঁর সঙ্গে নিশ্চিত আবার দেখা হচ্ছে বাংলাদেশের বোলারদের!সর্বশেষজয়াসুরিয়ার মধ্যস্থতায় শ্রীলঙ্কান বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে সমঝোতা। শ্রীলঙ্কার মূল দলই খেলবে বাংলাদেশের সঙ্গে।