প্রস্তুতি ম্যাচের কিউই-শত্রুতা

সকাল আটটায় একটি ছবি টুইট করেছেন রস টেলর। হোটেল আগ্রাবাদের কার পার্কিংয়ে জমতে শুরু করেছে পানি। ঘণ্টা খানেক পর আরেকটি ছবি, কার পার্কিংয়ের গাড়িগুলোকে মনে হচ্ছিল ভাসমান জলযান! যা বোঝার, সাতসকালেই বুঝে গেছে কিউইরা।
নিউজিল্যান্ডের প্রথম দলটি বাংলাদেশে পা রেখেছে তিন দিন আগে। তবে প্রথম মাঠে নামার কথা ছিল কাল প্রস্তুতি ম্যাচ দিয়েই। বৃষ্টির তোড়ে ভেসে গেল পরিকল্পনা। এমএ আজিজের সবুজ ঘাসের ছোঁয়ায় নয়, কিউইদের অনুশীলন আটকে থাকল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইনডোরের কৃত্রিম আলো আর টার্ফে। তিন বছর আগের স্মৃতিটাও কি উঁকি দিয়ে গেল টেলর-উইলিয়ামসনদের মনে?
বাংলাদেশের প্রকৃতির সঙ্গে কিউইদের শত্রুতা পুরোনো। ২০১০ সালে সেই ‘ধবলধোলাই’ সিরিজের আগেও বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল বিকেএসপিতে নিউজিল্যান্ডের দু-দুটি প্রস্তুতি ম্যাচ। প্রথম ওয়ানডেতে ড্যানিয়েল ভেট্টোরির দল হারার পর দ্বিতীয় ওয়ানডেটিও ভেসে যায় বৃষ্টিতে। তৃতীয় ওয়ানডের আগে তখন একটি প্রস্তুতি ম্যাচ খেলার প্রস্তাবও দেওয়া হয়েছিল কিউইদের। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই হোক বা অন্য কোনো কারণে, ম্যাচটি খেলেনি তারা। পরে যখন একের পর এক ম্যাচ হারছে, প্রস্তুতি ম্যাচ না পাওয়ায় ভেতরে ভেতরে ফুঁসতে শুরু করেছে খেলোয়াড়সহ টিম ম্যানেজমেন্ট। ভেতরের ক্ষোভ প্রকাশ্যও হয়েছে দু-একটি কথায়। এবার সেই নিউজিল্যান্ডের প্রস্তুতি ম্যাচেই আবার বৃষ্টির হানা!
চাইলে প্রথম দিনটি ভেস্তে যাওয়ার একটা ইতিবাচক দিক খুঁজে নিতে পারে নিউজিল্যান্ড। ওটাগো ভোল্টস চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠতে না পারায় হামিশ রাদারফোর্ড ও নিল ওয়াগনারকে নিয়ে কাল সন্ধ্যায়ই চট্টগ্রাম চলে এসেছেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। প্রথম টেস্টের একাদশে থাকার কথা এই তিনজনেরই। আজ প্রস্তুতি ম্যাচ শুরু হলে তাই মাঠে নেমে যেতে পারেন ম্যাককালামরা। তবে ম্যাচ হওয়ার সম্ভাবনাই যে নেই! আজ তাই মাঠে নামার স্বস্তি নয়, গত সফরেও দলে থাকা ম্যাককালামের মনে ‘অপ্রস্তুত’ হয়ে টেস্ট সিরিজে নামার অস্বস্তিটাই বেশি থাকার কথা।
টেস্টে দলের ইনিংস শুরু করেন যিনি, প্রথম অনুশীলনের পর সংবাদমাধ্যমের মুখোমুখিও হলেন সেই পিটার ফুলটন। প্রথম দিন খেলা না হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ সাড়ে ৬ ফুট লম্বা ওপেনার, ‘বৃষ্টির কারণে পুরো দিনের খেলা না হওয়াটা হতাশাজনক। আশা করি, পরের দুই দিন আকাশ ভালো থাকবে, টেস্টের আগে আমরা ভালো একটা অনুশীলনের সুযোগ পাব। অন্তত একটা দিন আমরা ব্যাটিং করতে চাই, যেন টেস্টের আগে ব্যাটসম্যানরা সবাই অনুশীলন করতে পারে। একটা দিন বোলিংও করতে চাই, যাতে বোলাররা এই কন্ডিশন ও আবহাওয়ায় মানিয়ে নিতে পারে।’
এমনিতে উপমহাদেশের আবহাওয়া-কন্ডিশনের সঙ্গে গত কিছুদিনে ভালোই সখ্য হয়ে ওঠার কথা তাঁদের। গত কিছুদিনে ভারত ও শ্রীলঙ্কা সফর করেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ভারতে চ্যাম্পিয়নস লিগ খেলেছে ওটাগো ভোল্টস। টেস্ট স্কোয়াডে আছেন এই তিন দলের আটজন। বাকিরাও নয় দিনের একটি ক্যাম্প করে এসেছেন শ্রীলঙ্কায়। বোঝাই যাচ্ছে, গতবারের অভিজ্ঞতায় এবার প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে চায়নি কিউইরা। বাংলাদেশকে নিয়ে সমীহ ফুটে উঠল ফুলটনের মুখেও, ‘আমরা জানি, দেশের মাটিতে বাংলাদেশ কতটা শক্ত প্রতিপক্ষ। ওরা আমাদের যথেষ্টই বেগ দেবে।’
সমীহ করছে বলেই প্রস্তুতি ম্যাচটি খেলতে মরিয়া তারা। কিন্তু মাঠের অবস্থা কালকেই ছিল করুণ। ম্যাচ হওয়ার সম্ভাবনাই প্রায় নেই। এমনকি তিন দিনের ম্যাচ আনুষ্ঠানিকভাবে বাতিল করে দেওয়া হতে পারে আজ দ্বিতীয় দিন সকালেই। ফুলটনদের ওই হতাশা হয়তো আজ রূপ নেবে হাহাকারে!