প্রস্তুতি ম্যাচের জন্য আফসোস থাকছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ে সফরের প্রস্তুতি নিয়ে মোটামুটি সন্তুষ্ট প্রধান নির্বাচক আকরাম খান। অতৃপ্তি যেটুকু আছে, সেটা প্রস্তুতি ম্যাচ খেলা নিয়ে। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দাঁড়িয়ে বললেন, ‘মাঠের সংকট আর খারাপ আবহাওয়ার কারণে আমরা ম্যাচ খেলার সুযোগ কম পেয়েছি। অন্যদিকে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া “এ” ও দক্ষিণ আফ্রিকা “এ” দলের সঙ্গে বেশ কয়েকটি ম্যাচ খেলছে। এদিক দিয়ে আমরা পিছিয়েই আছি।’শুধু দেশে নয়, ১৪ মাস পর আবার টেস্টে নামার আগে বাংলাদেশ দল জিম্বাবুয়েতেও মাত্র একটাই প্রস্তুতি ম্যাচ খেলবে। সেই ম্যাচটিও আবার তিন দিনের। বিসিবি অনুরোধ করেছিল একটা বাড়তি প্রস্তুতি ম্যাচ আয়োজনের, নিদেনপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচটা যেন হয় চার দিনের। কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেট কোনো অনুরোধই রাখেনি। কাল চূড়ান্তভাবে ঘোষিত সফরসূচিতেও দেখা গেল প্রস্তুতি ম্যাচ একটাই—হারারেতে সেটি হবে ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত। এক টেস্ট ও পাঁচ ওয়ানডের সিরিজে দুটি ওয়ানডে হবে দিবারাত্রির।প্রধান নির্বাচক অবশ্য আশাবাদী, ম্যাচ প্রস্তুতি কম হলেও জিম্বাবুয়ে সফরে সেটা বড় সমস্যা হবে না, ‘খেলোয়াড়ের ফিটনেস এবং ইতিবাচক মানসিকতা দেখে আমার ভালো লাগছে।’ এমনকি পেস বোলিংয়ে অভিজ্ঞতার সংকট থাকলেও আকরাম বলছেন, ‘হারারের উইকেট পেসারদের সাহায্য করে। আমাদের সেরা দুই পেসার ইনজুরিতে, এটা একটা সমস্যা। আমরা টেস্ট খেলব অনেক দিন পর। তার পরও আশা করি যাদের নেব, যারা খেলবে, তারা ভালো করবে।’জিম্বাবুয়ে সফরের জন্য চূড়ান্ত দল ঘোষণার কথা আগামীকাল।