প্রস্তুতি ম্যাচের প্রাপ্তি

ম্যাচ শেষ হতেই দুই দলকে মাঠের এক প্রান্তে ডাকলেন শেন জার্গেনসেন। কোচের পক্ষ থেকে সেখানে শিষ্যদের জন্য উপহার—‘স্পেশাল থ্যাংকস’। ম্যাচটিকে সত্যিকারের ম্যাচ করে তোলার জন্য!ঢাকার উদ্দেশে মাঠ ছাড়ার আগে নির্বাচক হাবিবুল বাশার বলে গেলেন, ‘দারুণ একটা অভিজ্ঞতা হলো। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ এমনিতে হালকা মেজাজে হয়। এবার অন্য রকম, এমন তীব্রতা ও প্রতিদ্বন্দ্বিতা আগে খুব বেশি দেখিনি।’n ম্যাচ শেষে মুশফিকুর রহিমও বড় প্রাপ্তি মানলেন এটাকেই। ম্যাচের আগে টিম মিটিংয়ে বাংলাদেশ অধিনায়ক ও কোচ বারবার একটা কথাই বলেছেন, ‘ইনটেনসিটি।’ ম্যাচে যেন সত্যিকারের ম্যাচের স্বাদ থাকে, যেন থাকে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। সৌহার্দ্য ব্যাপারটিকে ড্রেসিংরুমেই রেখে যেতে বলেছিলেন অধিনায়ক। ‘নিজেদের মধ্যে ম্যাচ’ ব্যাপারটি যেন কোনোভাবেই ফুটে না ওঠে মাঠের ক্রিকেটে ও শরীরী ভাষায়।
মাঠের বাইরে থেকে তিন দিনের পর্যবেক্ষণে বলা যায়, কোচ-অধিনায়কের চাওয়া পূরণ হয়েছে। অনুশীলন ম্যাচেও ব্যক্তিগত লড়াইয়ের আঁচ পাওয়া গেছে, উইকেট পাওয়া বা মাইলফলক উদ্যাপনে ছিল উচ্ছ্বাস, ছিল রাগ-মনোমালিন্য-হতাশা। ছিল আউট হলে হতাশায় দাঁড়িয়ে থাকা বা ব্যাট মাটিতে ঠোকা। বারবার পরাস্ত করেও উইকেট না পাওয়ায় হতাশায় মাটিতে লাথি মারা। শরীরী ভাষায় কিছু করার তাগিদ। ছিল ভরদুপুরের তপ্ত রোদে রবিউল-রুবেলের বাউন্সার প্রদর্শনী, মাশরাফির বাউন্সারে উইকেটের পেছনে এনামুলের দুর্দান্ত ক্যাচ। শেষ দিন বিকেলেও ছিল একাগ্রতা। কিংবা আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ, তর্কে জড়ানো—সবকিছুতেই তো ফুটে উঠছে সেই ‘ইনটেনসিটি!’ আর প্রায় প্রতিদিন গড়ে হাজার খানেক দর্শকের উপস্থিতি ও চিৎকার-চেঁচামেচি সহায়তা করেছে ম্যাচের আবহ আনতে।
তৃপ্ত মুশফিক তাই এই ম্যাচকে দিয়ে দিলেন লেটার মার্ক, ‘যে লক্ষ্য নিয়ে এসেছিলাম, তার ৮০ ভাগ সফল হয়েছে। দারুণ প্রতিদ্বন্দ্বিতা ছিল। দুই দলই খুব সিরিয়াসলি খেলেছে। খেলার আগে টিম মিটিংয়ে আমরা আলোচনা করেছিলাম, প্রতিদ্বন্দ্বিতার জায়গাটায় ছাড় দেব না। টেস্টে অনেক সময় লম্বা সময় ধরে উইকেট পড়ে না। তখন ফোকাস ধরে রাখাটা একটা চ্যালেঞ্জ। সেই অনুশীলনটা আমরা এবার করতে চেয়েছিলাম। যথেষ্ট ভালো হয়েছে তা।’
প্রাপ্তির তৃপ্তিতে অধিনায়কের চেয়ে বেশি সন্তুষ্ট বাংলাদেশ কোচ, ‘এর চেয়ে ভালো অনুশীলন ম্যাচ আসলে চাইতে পারতাম না। ক্রিকেটের মান, প্রতিদ্বন্দ্বিতা, দর্শক সব মিলিয়ে দারুণ হলো। ছেলেদের কৃতিত্ব দিতেই হবে। শেষ দুই দিনে প্রচণ্ড গরমেও ফোকাস হারায়নি। ম্যাচের আগে যা আলোচনা হয়েছিল, তার অনেকটাই মাঠে দেখাতে পেরেছে।’
তিন দিনের দেখা আর কোচ-অধিনায়ক-নির্বাচকদের কথার সূত্র ধরেই চলে আসছে আরেকটা প্রশ্ন—নিউজিল্যান্ড সিরিজের আগে অন্তত আরেকটি দীর্ঘ পরিসরের ম্যাচ নয় কেন? প্রশ্ন কিংবা চাওয়াটা মুশফিকেরও। তবে বাস্তবতাটাও বুঝতে পারছেন বাংলাদেশ অধিনায়ক, ‘আরেকটি অনুশীলন ম্যাচ হলে খুব ভালো হতো। সামনের এক মাস তো শুধু সাদা বলেই খেলব। তবে প্রিমিয়ার লিগ চলবে, ক্লাবগুলো হয়তো খেলোয়াড়দের বেশি আগে ছাড়তে চাইবে না। তবে সাত-আট দিন সময় পেলেও চট্টগ্রাম গিয়ে ম্যাচ না হলেও অন্তত সেন্টার উইকেটে কয়েক দিন অনুশীলন করলে সেটি কাজে দেবে।’
অনেক প্রাপ্তি আর ইতিবাচকতার ম্যাচটির শেষে উঠছে তাই চিরন্তন সেই প্রশ্ন, ঢাকার ক্লাব ক্রিকেট কি তবে দেশের ক্রিকেটের চেয়েও গুরুত্বপূর্ণ? লম্বা ক্যাম্পের পর এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আরেকটি তিন দিন বা চার দিনের ম্যাচ হতে পারত নিউজিল্যান্ড সিরিজের জন্য আদর্শ প্রস্তুতি। একটি শহরের ক্লাব ক্রিকেটে খেলার জন্য টেস্ট সিরিজের প্রস্তুতি ম্যাচ খেলা অনিশ্চিত, দেশের ক্রিকেটের বাস্তবতা বুঝিয়ে দিচ্ছে এটাই।