প্রস্তুতি সেরে রাখল মিলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন বাদেই ঢুকতে হবে বাঘের ডেরায়। গত মঙ্গলবারেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বার্সেলোনা সঙ্গে খেলা! তার আগে নিজেদের ভালোই ঝালাই করে রাখল এসি মিলান। জেনোয়াকে ২-০ গোলে হারিয়ে জানান দিল, আমরা প্রস্তুত! মিলানে আসার পর থেকেই দেখা যাচ্ছে নতুন এক বালোতেল্লিকে। নিজেও বলেছেন সুখ খুঁজে পেয়েছেন মনের মধ্যে। সেটার প্রতিফলনও মাঠে দেখা যাচ্ছে নিয়মিতই। গত পরশুর ম্যাচে অবশ্য প্রথম একাদশে ছিলেন না। কিন্তু তাতেও দমে যাননি ‘সুপার মারিও’। জিয়ামপাওলো পাজ্জিনির জায়গায় নেমে মিলানকে এনে দিয়েছেন দ্বিতীয় গোল। প্রথম গোলটা করেছিলেন ওই পাজ্জিনিই।এই জয়ে তৃতীয় স্থানে নিজেদের অবস্থান আরও শক্ত হলো। দুঃস্বপ্নের মতো শুরুর পর দ্বিতীয় স্থানে নাপোলির সঙ্গে ব্যবধান কমিয়ে আনা গেছে ২ পয়েন্টে। কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি এখন তাকিয়ে মঙ্গলবারের দিকে, ‘এখন আমাদের মনোযোগ বার্সেলোনার বিপক্ষে ম্যাচের ওপর। আমরা নিজেদের সেরা প্রস্তুতিটাই নেব।’ জয়ের আনন্দ অবশ্য খানিকটা ম্লান হয়ে গেছে শেষ ২৫ মিনিট ১০ জন নিয়ে খেলায়। ডিফেন্ডার কনস্ট্যান্ট মাথা গরম করে লাল কার্ড দেখায় নিজের বিরক্তিটাও গোপন করেননি অ্যালেগ্রি, ‘এটা বিরক্তিকর। এটা না করলেও আমাদের চলত, আমাদের শান্ত থাকতে হবে।’ এএফপি, রয়টার্স।