প্রস্তুতিটা ভালোই হলো অস্ট্রেলিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুতি ম্যাচে জয়-পরাজয় মুখ্য নয়। ৯০ রানের জয়ে অস্ট্রেলিয়া কতটা সন্তুষ্ট বা বিসিবি একাদশের হতাশা কতটুকু, এসব তাই খুব বড় কিছু নয়। কিন্তু যেটা মুখ্য, সেই অনুশীলনটাই বা কতটা হলো?টস জিতে প্রথমে ব্যাটিং, তিন শর ওপরে রান, চার ব্যাটসম্যানের ফিফটি, নতুন বলে দুই বোলারের দারুণ বোলিং, পুরোনো বলে জন হেস্টিংসের হ্যাটট্রিক—প্রস্তুতি ম্যাচে এর চেয়ে বেশি কিছু মনে হয় চাইতে পারত না অস্ট্রেলিয়া। মাইকেল ক্লার্কের মনে তার পরও একটু খচখচে ভাব না থেকে পারেই না। ওয়ানডে সিরিজে তাঁদের সম্ভাব্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের বাঁহাতি স্পিনাররা। বিসিবি একাদশের স্কোয়াডেই কোনো বাঁহাতি স্পিনার ছিলেন না। একাদশে বিশেষজ্ঞ স্পিনার ছিলেন মোটে একজন, অফ স্পিনার মাহমুদুল হাসান। ফতুল্লার উইকেটও মিরপুরের চেয়ে অনেক বেশি ব্যাটিং উপযোগী। বল ব্যাটে আসে, বাউন্সও অসমান নয়।একই অবস্থা বিসিবি একাদশেরও। অস্ট্রেলিয়া সিরিজের বাংলাদেশ দলে থাকা তিনজন ছিলেন এই দলে। রকিবুল হাসানকে খেলানোর উদ্দেশ্য পূরণ হয়েছে ভালোভাবেই। রানে ফিরেছেন এই মিডল অর্ডার। কিন্তু সবচেয়ে বেশি কৌতূহল ছিল যে দুজনকে নিয়ে, সেই দুজনই তো হতাশ করলেন! এর চেয়েও বড় কথা, ব্যাটিং অনুশীলনটাই হলো না। দীর্ঘদিন পর ফেরা অলক কাপালি আর প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া শুভাগত হোম চৌধুরী আউট হয়ে গেছেন প্রথম বলেই।টানা দুই বলে ঠিক একইভাবে আউট হয়েছেন দুজন, ভেতরে ঢোকা বলে এলবিডব্লু। এই দুই বলের ঠিক আগের বলটিতেই আরেকটি ইনসুইঙ্গারে ৬৫ রান করা রকিবুলকে বোল্ড করেছেন জন হেস্টিংস। এই পর্যায়ের ক্রিকেটে তাঁর প্রথম হ্যাটট্রিক! উপমহাদেশের উইকেটের উপযোগী বলে তাঁকে বিশ্বকাপ দলে নেওয়া হয়েছিল, কিন্তু পুরো বিশ্বকাপে শুধু তোয়ালে-পানি নিয়েই দৌড়াদৌড়ি করতে হয়েছে। এই সিরিজে মনে হয় তাঁকে আর বাইরে বসিয়ে রাখা যাবে না।প্রতিপক্ষ দলে কে খেলছে, এসব নিয়ে তো আর অস্ট্রেলিয়ার কিছু করার নেই। যেটুকু করার, সেটা তারা দারুণভাবেই করেছে। হুমকি হয়ে উঠতে থাকা উদ্বোধনী জুটিটা ভেঙেছে শেন ওয়াটসনের আউটে। তবে এরপর দুর্দান্ত খেলেছেন ব্র্যাড হাডিন ও রিকি পন্টিং। চোখধাঁধানো কিছু স্ট্রেট ড্রাইভ খেলেছেন হাডিন, ৬১ বলে ৬৬ করে স্বেচ্ছায় উইকেট ছেড়েছেন অন্যদের সুযোগ করে দেওয়ার জন্য। অধিনায়কত্বের শেষ ইনিংসটায় যেমন খেলেছিলেন অধিনায়কত্ব-পরবর্তী জীবনের শুরুটাও যেন সেখান থেকেই করলেন পন্টিং। ভারতের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটির মতো সেঞ্চুরি পাননি, তবে আউট হওয়ার আগের বলটি পর্যন্ত মনে হচ্ছিল পেয়ে যাবেন অনায়াসেই। ১০ চার, এক ছয়ে ৬৯ করার পর মাহবুবুল আলমের ফুলটসে ধরা পড়েছেন লং অনে। ৫৬ বলে ৫৫ করে স্বেচ্ছায় উইকেট ছেড়েছেন ক্লার্কও। হোয়াইট, স্মিথ, জনসনরা রান না পেলেও মাইক হাসির অপরাজিত ৬৯ অস্ট্রেলিয়াকে এনে দেয় ৩০৮ রান।জয়-পরাজয় নিয়ে যাবতীয় ভাবনা শেষ বিসিবি একাদশের ইনিংস শুরু হওয়ার মিনিট বিশেকের মধ্যেই। ১২ রানের মধ্যে নেই দুই ওপেনার রনি তালুকদার ও মোহাম্মদ মিঠুন। ম্যাচটা যে প্রস্তুতি ম্যাচ, এরপর তা ভালোভাবেই মনে করিয়ে দিলেন মাইশুকুর রহমান ও রকিবুল। থিতু হতে সময় নিয়েছেন, দুজনেই ব্যাটিং করেছেন নিজেদের মতো করে। এবার জাতীয় লিগে দুটি সেঞ্চুরি করা মাইশুকুর জাতীয় পর্যায়ের কোনো দলে প্রথম ম্যাচেই প্রমাণ দিয়েছেন নিজের প্রতিভা আর টেম্পারামেন্টের, ১০৩ বলে করেছেন ৬৮। ৯৪ বলে ৬৫ রকিবুল। দুজনের ১৪৯ রানের জুটিটা না হলে যে পরাজয়টা লজ্জার হতো, এটা প্রমাণ হয়েছে জুটি ভাঙার পরই। ৫ রানের মধ্যে পড়েছে ৪ উইকেট। মাহমুদুল, ফরহাদ রেজাদের কল্যাণে তবু ৫০ ওভার খেলতে পেরেছে তারা।