প্রস্তুতিটা ভালোই হলো পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান যে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অন্যতম প্রধান ফেভারিট সেটা তারা প্রস্তুতি ম্যাচেই বেশ ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেসেখেলে সাত উইকেটের জয় পেয়েছে মিসবাহ বাহিনী। বোলারদের পর ভালো পারফরমেন্স দেখিয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যানরাও। ২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজ ও ইমরান ফারহাতের অর্ধশতকের সুবাদে ২৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান।জয়ের জন্য ২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য খুব একটা ভালোভাবে করতে পারেনি পাকিস্তান। পঞ্চম ওভারেই রানআউটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ওপেনার নাসির জামশেদ। তবে দ্বিতীয় উইকেটে ৮৫ রানের জুটি গড়ে দলের জয়টা প্রায় নিশ্চিতই করে ফেলেন মোহাম্মদ হাফিজ ও ইমরান ফারহাত। অন্য ব্যাটসম্যানদের সুযোগ করে দেওয়ার জন্য ইনিংসের ২৫তম ওভারে উইকেট ছেড়ে সাজঘরের পথে হাঁটা দেন হাফিজ। তার আগে তিনি খেলেছেন ৫৪ রানের লড়াকু ইনিংস। দলীয় ১৫০ রানের মাথায় তোতসোবের শিকারে পরিণত হন ইমরান ফারহাত। তাঁর ব্যাট থেকে এসেছে দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান। পঞ্চম উইকেটে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক মিসবাহ উল হক ও উমর আমিন। মিসবাহ ২৪ ও আমিন ২৭ রান করে অপরাজিত ছিলেন।এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। তাঁর এই সিদ্ধান্তের যথার্থতা বেশ ভালোভাবেই প্রমাণ করেছেন পাকিস্তানের তিন পেসার জুনায়েদ খান, আসাদ আলী ও ওয়াহাব রিয়াজ। প্রথম ২২ ওভারের মধ্যেই সাতটি উইকেট তুলে নেন তাঁরা। একে একে সাজঘরে ফেরেন হাশিম আমলা, কলিন ইনগ্রাম, ডি ভিলিয়ার্স, আলভিরো পিটারসেন, ডু প্লেসিসের মতো শীর্ষস্থানীয় ব্যাটসম্যানরা। সে সময় দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে যোগ হয়েছিল মাত্র ৮৩ রান। তবে অষ্টম উইকেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান জেপি ডুমিনি ও রায়ান ম্যাকলারেন। তাঁদের গড়া ৯৪ রানের জুটিটির সুবাদেই সম্মানজনক একটা অবস্থানে পৌঁছাতে পেরেছে প্রোটিয়ারা। ৪৫তম ওভারে যখন ম্যাকলারেন আউট হন তখন দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ১৭৭ রান। দুই ওভার পরে ডুমিনিও ধরেন সাজঘরের পথ। তাঁর ব্যাট থেকে এসেছে ৪৩ রান। ইনিংসের শেষ ওভারে একটি চার মেরে ২০০ রানের কোটা স্পর্শ করেন রোরি ক্লেইনভেল্ট। পাকিস্তানের পক্ষে তিনটি করে উইকেট পেয়েছেন আসাদ আলী ও ওয়াহাব রিয়াজ।