
এবারের সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের জন্য সত্যিই পরীক্ষার। মাঠে নামার প্রথম দিন থেকেই বাংলাদেশকে মুখোমুখি হতে হবে একের পর এক পরীক্ষার। ডেথ গ্রুপে শক্তিধর ভারত, স্বাগতিক নেপাল ও পাকিস্তানের বিপক্ষে খেলেই চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে অবতীর্ণ হতে হবে বাংলাদেশকে। তবে অধিনায়ক মামুনুল ইসলামের মতে, কঠিন পরীক্ষায় বসার মতো যথেষ্ট প্রস্তুতি নিয়েই এখন কাঠমান্ডুর মাটিতে বাংলাদেশ দল। লক্ষ্য, যেভাবেই হোক এক দশকের অধরা সাফ শিরোপার গৌরব গায়ে মাখা।
গ্রুপে নেপাল ও পাকিস্তান থাকলেও সাফে ভারতই যে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী, সেটা জানিয়েছেন মামুনুল। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘ভারত অনেক শক্তিশালী দল। সাফ জিততে হলে আমাদের ভারতকে হারাতে হবে। ভারত দুই বছর আগে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলেছে। বাংলাদেশ ১৯৮০ সালের পর এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলতে পারেনি।’
নিজেদের মাঠে নেপালকেও শক্ত প্রতিদ্বন্দ্বী মানেন মামুনুল। তবে তিনি নেপালের বিপক্ষে আত্মবিশ্বাস খুঁজতে চান তিনি সাম্প্রতিক ফলে, ‘এএফসি চ্যালেঞ্জ কাপে দর্শকভর্তি দশরথ স্টেডিয়ামে আমরা নেপালকে ২ গোলে হারিয়েছি। ওই ম্যাচটিই সাফে নেপালের বিপক্ষে আমাদের আত্মবিশ্বাস জোগাবে। নেপালের বিপক্ষে নিজেদের খেলাটা খেলতে পারলে আমরা ওদের হারাবই।’
গত মার্চের এএফসি চ্যালেঞ্জ কাপ মামুনুলকে আত্মবিশ্বাসী করছে আরও একটি ব্যাপারে। চ্যালেঞ্জ কাপে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন সম্প্রতি ভারতকে তাদের মাটিতেই হারিয়েছে ৪-২ গোলে। চ্যালেঞ্জ কাপে ফিলিস্তিনের বিপক্ষে দুর্দান্ত লড়েও ৭৮ মিনিটে গোল হজম করে বাংলাদেশকে হারতে হয়েছিল। মামুনুল তাই আশাবাদী হচ্ছেন দারুণভাবে, ‘ভারতের মাটিতে ভারতকে ৪ গোল দেওয়া সহজ ব্যাপার নয়। ফিলিস্তিন সেটা করেছে। আমরা চ্যালেঞ্জ কাপে ফিলিস্তিনের সঙ্গে সমানতালে লড়েছি। আশা করছি ফিলিস্তিনের বিপক্ষে আমরা যেমন খেলেছি, ওটা খেলতে পারলেই সাফে ভালো করা সম্ভব।’
নেপাল ও ভারতের পাশাপাশি মামুনুলের কাছে সমীহ পাচ্ছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানও, ‘আফগানিস্তান এই মুহূর্তে সাফ অঞ্চলের র্যাঙ্কিংয়ে সবার চেয়ে এগিয়ে। ওদের মূল শক্তি ইউরোপে খেলা খেলোয়াড়। কমপক্ষে ১০-১২ জন ইউরোপভিত্তিক খেলোয়াড় নিয়ে ওরা সাফে আসবে। সম্প্রতি একটা প্রীতি ম্যাচে আফগানিস্তান পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে। সব মিলিয়ে ওরাও সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় প্রতিদ্বন্দ্বী।’
একটা সময় ছিল যখন সাফ অঞ্চলের কোনো প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য ভারত ছাড়া আর কেউই বড় কোনো প্রতিপক্ষ ছিল না। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এখন ভুটান বাদে প্রায় সব দলই কাছাকাছি মানের। মামুনুলও ব্যাপরটা জানেন। তার পরও তাঁর কণ্ঠে আত্মবিশ্বাস, ‘আমাদের যে ধরনের প্রস্তুতি, তাতে নিজেদের সেরা খেলাটা খেলতে পারলেই সাফে ভালো করা সম্ভব।’ মামুনুলের এই ‘ভালো করা’ যে শিরোপা, সেটা বোধ হয় না বললেও চলে। সাফে শিরোপার বাইরে কখনোই যে কিছু ভাবেনি বাংলাদেশ।
তবে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগে কিছুটা দুর্ভাগ্যের কবলেই পড়েছে বাংলাদেশ। চোটে পড়ে অধিনায়ক মামুনুল নিজেই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন। দলের সবচেয়ে কুশলী খেলোয়াড়টির চোট এই মুহূর্তে সবচেয়ে ভাবাচ্ছে বাংলাদেশের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফকে। শুধু মামুনুলের চোটের কারণেই তিনি দল বানিয়েছেন ২১ জনের। ৩১ আগস্ট নেপালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে মামুনুল যদি সুস্থ হয়ে উঠতে পারেন, তাহলে তা হবে বাংলাদেশ দলের এক পরম পাওয়া।