প্রস্তুতিতেই তাহলে ঘাটতি ছিল!
‘ছি! ক্রিকেট টিম ছি!’ ‘ছি! টাইগার ছি!’ ‘ওরা দেশের দূত নয়, ওরা দেশের ভূত’—হাতে হাতে এমন আরও অনেক ব্যঙ্গবিদ্রূপ করে লেখা ব্যানার, প্ল্যাকার্ড। কারও হাতে ঝাড়ু, কারও হাতে জুতার মালা, যেন ক্রিকেট দলের দেশে ফেরা মানতে পারছে না ২০-২৫ জনের তরুণ দলটা। পরশু রাত তিনটায় তারা হাজির হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। উদ্দেশ্য, জিম্বাবুয়ে থেকে সিরিজ হেরে আসা জাতীয় দলের ক্রিকেটারদের ‘অভ্যর্থনা’জ্ঞাপন।ক্রিকেটাররা একে একে গাড়িতে করে বের হচ্ছেন বিমানবন্দর থেকে। ভিআইপি গেটের বাইরে অপেক্ষমাণ এসব ব্যানার-ঝাড়ু-জুতার মালা তাঁরা দেখেও না দেখার ভান করে চলে গেলেন যে যাঁর গন্তব্যে। এটা তো আর নতুন কিছু নয়! বাঙালির ক্রিকেটপ্রেম আবেগে ভাসা, এটা যুক্তির হাত ধরেও হাঁটে না। তা ছাড়া রাত তিনটায় বিমানবন্দরে অত্যু ৎ সাহী মিছিলকারীদের উপস্থিতি স্বতঃস্ফূর্ত নাকি সাজানো এবং ‘দূরনিয়ন্ত্রিত’, সে প্রশ্নও আছে! ওসব তাই এড়িয়ে যাওয়াই ভালো।তবে কিছু প্রশ্ন এড়াতে পারলেন না অধিনায়ক সাকিব আল হাসান। কেন জিম্বাবুয়ে জিতল, কেন বাংলাদেশ পারল না—বাংলাদেশ অধিনায়ক এসব জিম্বাবুয়েতেই একাধিকবার বলে এসেছেন। পরশু গভীর রাতে ঢাকা ফিরে ভ্রমণক্লান্তির মধ্যেই মুখোমুখি হলেন নতুন কিছু প্রশ্নের। সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে কে একজন জানতে চাইলেন, দলের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব আছে কি না। সাকিব হেসে বললেন, ‘দলের সবাই এখন আমার সঙ্গে থাকলে এই প্রশ্নের উত্তর দেওয়াটা সহজ হতো। সবচেয়ে ভালো হয় খেলোয়াড়দের যদি আলাদা আলাদাভাবে এটা জিজ্ঞাসা করেন।’জিম্বাবুয়ের কাছে ৩-২-এ ওয়ানডে সিরিজ হারা এবং তার আগে হেরে যাওয়া একমাত্র টেস্টেও—ব্যর্থতার কারণ তাহলে শুধুই ক্রিকেটীয়? মাঠের বাইরের কোনো কিছুর প্রভাব নেই? অধিনায়ক যা বললেন তাতে ব্যর্থতার কারণ তিনটি— আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিন মাস দূরে থাকা। যতই অনুশীলন করুক, এই সময়ে কেউ কোনো ম্যাচ খেলেনি। প্রস্তুতি ম্যাচও যথেষ্ট খেলা যায়নি। প্রতিদ্বন্দ্বিতামূলক প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি, ব্যাটসম্যানদের রানপ্রবাহে আসতে যেটা খুবই জরুরি ছিল। সাকিব উদাহরণ টানলেন, সিরিজের শেষ দিকে ব্যাটসম্যানরা রান পাচ্ছিলেন। এতেই পরিষ্কার, শুরুতে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল। সাকিব বলছেন, সফরের ব্যস্ত সূচিও ব্যর্থতার বড় একটা কারণ হতে পারে, ‘দুটি ম্যাচের মাঝে বিশ্রামের খুব কম সময়ই পেয়েছি আমরা। যদি বিশ্রামের যথেষ্ট সুযোগ থাকত, ফলাফল হয়তো অনেক ভালো হতো।’আর এসব কারণেই জিম্বাবুয়ে থেকে ফিরতে হলো হিসাব না মিলিয়েই। অধিনায়ক স্বীকার করেছেন, দেশ ছাড়ার আগের ভাবনার তাল কেটে গেছে সিরিজ শুরুর পর, ‘ভেবেছিলাম, আমরাই ফেবারিট। কিন্তু তারা আমাদের চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলেছে। গত পাঁচ বছরে ফেবারিট থেকে কোনো ম্যাচ হারিনি আমরা।’প্রস্তুতিগত পার্থক্য তো অবশ্যই ব্যর্থতার একটা কারণ। কিন্তু গত পাঁচ-ছয় বছরে আন্তর্জাতিক ক্রিকেটে যাদের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছিল বাংলাদেশ, শুধু এই কদিনের প্রস্তুতি ঘাটতিতেই আবারও তাদের পেছনে পড়ে যেতে হলো! সাকিব মানছেন, সব ঘাটতিই পুষিয়ে দিতে পারত ব্যাট-বলের আরেকটু ভালো পারফরম্যান্স। জিম্বাবুয়েতে সেটা না হওয়ার হতাশাই সবচেয়ে বেশি, ‘ভালো খেলাটাও জরুরি ছিল, আমরা তাতে ব্যর্থ হয়েছি। সিরিজের শেষ দিকে আমরা যেভাবে খেলেছি, শুরুতেই সেভাবে খেললে ফলাফল আমাদের জন্য অনেক ইতিবাচক হতো।’সাকিবদের সঙ্গে ঢাকায় ফেরেননি কোচ স্টুয়ার্ট ল-সহ অন্য কোচিং স্টাফরা। ব্যক্তিগত কাজ সেরে আগামী মাসের প্রথম সপ্তাহেই ফিরে আসার কথা সবার। এরপর শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতি।বলতে পারেন বাংলাদেশের কোচ হিসেবে ল-র জন্য ওই সিরিজই হবে আসল শুরু। জিম্বাবুয়ে সিরিজে কাছ থেকে দেখে দল সম্পর্কে প্রাথমিক ধারণাটাই কেবল পেয়েছেন। এবার দলটাকে নিজের হাতে গড়ার পালা। সাকিবও বললেন, ‘প্রথম সিরিজেই কোচের বেশি কিছু চাওয়াটা ভুল হতো। আগে তিনি খেলোয়াড়দের জানবেন, আমাদেরও বুঝতে হবে কোচ কী চাচ্ছেন। আমার মতে, সবকিছু ভালোভাবে বোঝার জন্য এই সিরিজটা দারুণ কাজে লাগবে তাঁর।’