প্রস্তুতিপর্বেই উজ্জ্বল সব তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর বাকি ৬ দিন
আর বাকি ৬ দিন

নেইমার দ্যুতি ছড়ালেন, মেসি দুর্দান্ত খেলেও গোল পেলেন না আর রোনালদো নামতে পারলেন না মাঠেই।
ভাবছেন পারফরম্যান্সের ময়নাতদন্ত হওয়ার কথা বিশ্বকাপ শেষে, এখনো তো বিশ্বকাপ শুরুই হলো না! ঠিক, আবার ঠিক না। বিশ্বকাপ শুরু হয়নি, আবার শুরু হয়েছেও! বিশ্বকাপের বাতাস গায়ে লাগছে বেশ আগে থেকেই, বিশ্বকাপ শুরুর ডঙ্কা শোনা যাচ্ছে কান না পাতলেও। দলগুলোর চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আর... প্রস্তুতি ম্যাচ! ক্রিকেটের মতো ফুটবল বিশ্বকাপে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ নেই। তবে বিশ্বকাপের আগে আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোর নামই বদলে যায়। প্রীতি ম্যাচই এখন যেমন প্রস্তুতি ম্যাচ। নেইমার-মেসিদের কাটাছেঁড়া ওই প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সেই। রোনালদো তো সেই সুযোগই দিলেন না!
দেশের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে এসেছেন, দেশ ছেড়ে এসেছেন হাসিমুখেই। কিন্তু রোনালদোর মুখের হাসিতে হাসতে পারছেন না পর্তুগাল কোচ পাওলো বেন্তো। দুশ্চিন্তায় গোটা পর্তুগাল। ক্লাব মৌসুমের শেষ দিকটায় সঙ্গী হওয়া চোট এখনো ছাড়তে চাইছে না ফিফা বর্ষসেরা ফুটবলারকে। গত ৩১ মে গ্রিসের সঙ্গে প্রস্তুতি ম্যাচটা খেলতে পারেননি। পারছেন না আজ ফক্সবোরোতে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচেও। ১০ জুন নিউজার্সিতে আয়ারল্যান্ডের সঙ্গে পর্তুগালের শেষ প্রস্তুতি ম্যাচেও মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ। মাঠে নামবেন কী, দলের সঙ্গে অনুশীলনই তো করতে পারছেন না রোনালদো। চোটের ধরন বুঝে বিশেষভাবে তৈরি করা সূচি অনুযায়ী ট্রেনিং করছেন আলাদা করে।
কোয়াকো বোনসামের দাবি সত্যি হলে এসব চেষ্টাই বৃথা। ঘানার এই ভদ্রলোক একজন ওঝা। বিশ্বকাপে একই গ্রুপে ঘানা আর পর্তুগাল। এ জন্যই এই ওঝা নাকি ‘কালো জাদু’ করে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন রোনালদোকে! একবিংশ শতাব্দীতে কালোজাদুতে বিশ্বাস করার কোনো কারণ নেই। তবে রোনালদোর বিশ্বকাপ ভাগ্যাকাশে মেঘের ঘনঘটা নিয়েও সংশয় নেই। শঙ্কাটা শুধু গোটা পর্তুগাল আর বিশ্বজুড়ে রোনালদোর অগুনতি ভক্তেরই নয়, খোদ বিশ্বকাপেরও। রোনালদো না থাকলে বিশ্বকাপের রং যে ফিকে হয়ে যাবে অনেকটাই!
তবে নেইমার জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপকে রঙিন করে তুলতে তিনি প্রস্তুত। দেশের মাটিতে গত বছর কনফেডারেশনস কাপেই সম্ভাবনাময় এক প্রতিভা থেকে বিশ্বতারকা হয়ে ওঠা নেইমারের। এবার তো ২২ বছরের ওই কাঁধ জোড়াতেই দেশের মানুষের প্রত্যাশার চাপ। তবে পারফরম্যান্সেই জানান দিচ্ছেন, চাপের পাহাড় বইতে পোক্ত হয়ে উঠছে তরুণ কাঁধ। মঙ্গলবার পানামার বিপক্ষে ম্যাচে গোল করা ছাড়াও খেলেছেন দুর্দান্ত। বিশ্বকাপে সুযোগ না পাওয়া পানামার বিপক্ষে প্রীতি ম্যাচের পারফরম্যান্স অবশ্যই কখনো বিবেচনার মাপকাঠি হতে পারে না। তবে এটা অন্তত জানান দেয়, নেইমার ও ব্রাজিল আছে সঠিক পথেই।
পরশু ত্রিনিদাদের বিপক্ষে আর্জেন্টিনার জয়টাও ছিল অনায়াস। তবে দেখা যায়নি চেনা মেসিকে। এমন নয় যে নিজের ছায়া হয়ে ছিলেন। বল পায়ে পরিচিত কিছু কারিকুরি বা দারুণ কিছু পাস তো ছিলই। সঙ্গে আবার ছিল এমন কিছু গোল মিস, মেসির ছায়ার সঙ্গেও যেসব যায় না। তবে আগামীকালই আর্জেন্টিনার আরেকটি প্রস্তুতি ম্যাচ স্লোভেনিয়ার বিপক্ষে। পারফরম্যান্সে শান দেওয়ার সুযোগ তাই আছেই।
রোবেন-রুনিরা কিন্তু শাণ দিতে শুরু করেছেনই। ওয়েলসের বিপক্ষে জাল খঁুজে পেয়েছেন আরিয়েন রোবেন। হল্যান্ডের আগের ম্যাচে গোল করেছেন রবিন ফন পার্সি। বিশ্বকাপ গোলের স্বাদের অপেক্ষায় থাকা ওয়েইন রুনি আত্মবিশ্বাস খঁুজে পেয়েছেন ইকুয়েডরের জালে বল পাঠিয়ে। ক্যামেরুনের বিপক্ষে গোল করে গোল্ডেন বুট ধরে রাখার প্রস্তুতি নিয়েছেন টমাস মুলার। এল সালভেদরের বিপক্ষে গোল করে দিদিয়ের দ্রগবা জানান দিয়েছেন, বয়সের থাবায় তাঁকে কাবু ভাবা ভুল হবে। গোল করেছেন আইভরিয়ানদের আরেক ভরসা জেরভিনহোও। সব মিলিয়ে প্রস্তুতিপর্বের আকাশে উজ্জ্বল প্রায় সব তারাই।
এবার বিশ্বকাপের আকাশে জ্বলজ্বল করার পালা!