প্রস্তুতির ম্যাচেই উত্তেজনার আভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে কাল মঙ্গলবার। তবে ক্রিকেটীয় উন্মাদনা শুরু হয়ে যাচ্ছে এক দিন আগেই। আজ দুপুরে মাঠে নামছে এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি ভারত ও পাকিস্তান। বিশ্বকাপের মূল আসর না হোক, দুই চিরবৈরী দেশের মধ্যকার খেলা বলে প্রস্তুতি ম্যাচ ঘিরেও টান টান উত্তেজনা।ম্যাচের আগে গণমাধ্যমে বিস্তর কথাবার্তা হচ্ছে। কেউ কেউ টেনে আনছেন দুই দেশের বৈরিতার ইতিহাসও। তবে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ নিয়ে বেশি কথাবার্তা বলার কিছু নেই। এটি নিছক একটা প্রস্তুতির ম্যাচ।‘এটা আহামরি কোনো ম্যাচ নয়। ম্যাচটাকে ইতিবাচক হিসেবে দেখছি আমরা। এটা নিছক একটা প্রস্তুতি ম্যাচ, তবে অবশ্যই জয় চাই আমরা।’ বার্তা সংস্থা এএনআইকে বলেছেন হাফিজ।এ ম্যাচে নিজেদের সম্ভাবনার প্রশ্নে হাফিজ বলেন, এ মুহূর্তে বেশ ভালো অবস্থায় আছি আমরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছি। এটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ভারতের বিপক্ষে ভালো করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’ক্যানসার জয় করে ক্রিকেটে ফিরে এসেছেন যুবরাজ সিং। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেছেন ভারতীয় এই অলরাউন্ডার। সবকিছু ঠিকঠাক থাকলে খেলবেন পাকিস্তানের বিপক্ষেও। মাঠের লড়াইয়ে নামার আগেই যুবরাজকে শুভকামনা জানিয়ে রেখেছেন হাফিজ, ‘অসুস্থতা থেকে অসাধারণভাবে বেরিয়ে আসায় যুবরাজ সিংকে অভিনন্দন। পাকিস্তান দল, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও গোটা জাতির পক্ষ থেকে যুবরাজের সুস্বাস্থ্য কামনা করছি।’