প্রাণের টানে বারবার

কিছুদিন আগেই বুকে অস্ত্রোপচার করিয়েছেন বশির আহমেদ। চিকিৎসকের পরামর্শে বাইরে একদম বের হন না। কিন্তু কাল নিজেকে ঘরে বন্দী করে রাখতে পারলেন না একসময়ের সব্যসাচী খেলোয়াড়। রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কারে এসে যেন অর্ধেক সুস্থ হয়ে গিয়েছিলেন তিনি।
শুধু বশির আহমেদই নন, এ অনুষ্ঠানের আকর্ষণে সিলেট থেকে ছুটে এসেছিলেন প্রবীণ ফুটবলার রণজিৎ দাস। জাকারিয়া পিন্টুকে আজীবন সম্মাননা পেতে দেখে খুশিতে কেঁদেই ফেললেন। অনুষ্ঠান শেষে জাকারিয়া পিন্টুকে পরম মমতায় বুকে জড়িয়ে ধরলেন।
বরাবরের মতোই এ অনুষ্ঠানটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মিলনমেলায় পরিণত হয়েছে। এ অনুষ্ঠানের জন্য চাতক অপেক্ষায় থাকেন সারা দেশের সব খেলার কর্মকর্তা, সংগঠক, খেলোয়াড়েরা। বক্সার আবদুল হালিমের সঙ্গে প্রায় ১০ বছর পর দেখা হলো বিকেএসপির কোচ নাজমুল আবেদীন ফাহিমের। কাল অনুষ্ঠান শেষে বলছিলেন, ‘আমি ওর সঙ্গে বিকেএসপিতে ১৭ বছর কাজ করেছি। মাঝে অনেক দিন দেখা হয়নি। আজ হালিমের দেখা পেয়ে খুবই ভালো লাগল।’
উচ্ছ্বসিত বশির আহমেদ বলছিলেন, ‘আমার এখানে আসার দুটি উদ্দেশ্য। প্রথম আলোর সম্পাদক মতি ভাইয়ের অনুরোধ উপেক্ষা করতে পারি না। আর উপেক্ষা করতে পারি না এই অনুষ্ঠানও। সবার সঙ্গে দেখা হয়। এ কারণেই এখানে আসা। বছরে একটা দিন যেন ক্রীড়াঙ্গনের মিলনমেলা হয়ে যায় এই অনুষ্ঠান।’
কে আসেননি এ অনুষ্ঠানে? ছিলেন ক্রিকেট সংগঠক রাইসউদ্দিন আহমেদ, রেজা ই করিম, ফুটবল সংগঠক হারুনুর রশীদ, ফজলুর রহমান বাবুল, প্রথম আলোর আজীবন সম্মাননা পাওয়া সাবেক ফুটবল তারকা জহিরুল হক, প্রবীণ সাংবাদিক কামরুজ্জামান, সাবেক ক্রিকেটার এ এস এম ফারুক, শফিকুল হক হীরা, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, বিওএর সাবেক মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ, বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন, আহমেদ সাজ্জাদুল আলম ববি, প্রতাপ শঙ্কর হাজরা, জাতীয় ফুটবল দলের সাবেক কোচ জর্জ কোটান, সাবেক ফুটবলার সালাম মুর্শেদী, ইমতিয়াজ সুলতান, শেখ মোহাম্মদ আসলাম, কায়সার হামিদ, সাবেক ফুটবলার আমিনুল হক, আলফাজ আহমেদ, সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় কামরুন নাহার ডানা, ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, জাভেদ ওমর, কোচ সালাহউদ্দিন আহমেদ, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, ব্যাডমিন্টন খেলোয়াড় দম্পতি এনায়েতউল্লাহ খান, এলিনা সুলতানাসহ অনেকেই।