প্রাণের ভয়ে ক্লাব-ত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রায়ো ভায়েকানোতে রোমান জুজুলার ক্যারিয়ারটা হলো মাত্র এক দিনের! শুনতে অদ্ভুত লাগলেও ঘটেছে এমনটাই। ছয় মাসের ধারের চুক্তিতে রিয়াল বেটিস থেকে গত মঙ্গলবার রায়োতে নাম লেখান ইউক্রেনিয়ান স্ট্রাইকার। কিন্তু বুধবারই আবার বেটিসে ফিরে গেছেন, প্রাণের ভয়ে। জুজুলাকে মেনে নেয়নি রায়ো-সমর্থকেরা। তাঁকে ‘নব্য নাৎসিবাদী’ ভেবে নিয়ে প্রতিবাদের ঝড় তোলা হয় তাঁর বিরুদ্ধে।
জুজুলার দুর্ভাগ্যই বলতে হয়। চলতি মৌসুমেই ইউক্রেনের নিপ্রো থেকে বেটিসে নাম লেখান ২৭ বছর বয়সী জুজুলা। নতুন ক্লাবে আসেন ইউক্রেনের ব্যাজ লাগানো একটি শার্ট পরে। ওটাই কাল হয়ে দাঁড়ায়, এক সাংবাদিক ব্যাজটি চিনতে ভুল করে লিখে দেন, জুজুলা নব্য নাৎসিবাদী। রায়োর সমর্থকেরা সেই ভুলটিকেই জানল সত্য। ২৭ বছর বয়সী স্ট্রাইকারের ক্যারিয়ারটাই তাতে দুর্বিপাকে! রায়োর সমর্থকদের উদ্দেশে লেখা খোলা চিঠিতে জুজুলা অবশ্য বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে তিনি ইউক্রেনীয় সেনাবাহিনীকে সহায়তা করেছেন ঠিক আছে, কিন্তু কোনো অবস্থাতেই কোনো আধা সামরিক বাহিনীর সদস্য তিনি নন, কিংবা নব্য নাৎসিবাদেও উদ্বুদ্ধ নন। লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস অবশ্য জুজুলার পাশে দাঁড়িয়েছেন। পরশু তিনি বলেছেন, যারা জুজুলাকে হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এএফপি, বিবিসি।