গোয়ায় ভারতের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ। ৫ মার্চ অনুষ্ঠেয় সে ম্যাচের জন্য কাল ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ফুটবল ফেডারেশন। প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, টুটুল হোসেন, ব্রাদার্সের রুবেল মিয়া, জুয়েল রানা, শেখ জামালের দিদারুল ইসলাম ও বিজেএমসির আমিনুর রহমান। অনেক দিন পর ক্যাম্পে ডাক পেয়েছেন তৌহিদুল আলম ও শাহেদুল আলম। সর্বশেষ সাফের দল থেকে ছিটকে পড়েছেন ডিফেন্ডার ওয়ালি ফয়সাল, কেষ্ট কুমার, আরিফুর রহমান, মিডফিল্ডার ওমর ফারুক, স্ট্রাইকার ওয়াহেদ আহমেদ, সাখাওয়াত রনি ও গোলরক্ষক জিয়াউর রহমান। তাঁদের মধ্যে শুধু জিয়াই চোটের কারণে বাদ পড়েছেন। ডাক পাওয়া ফুটবলারদের আজ বেলা ৩টায় ম্যানেজার ইকবাল হোসেনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। ২৮ ফেব্রুয়ারির পর দল ২০ জনে নামিয়ে আনা হবে। এই দল নিয়ে ২ মার্চ কোচ লোডভিক ডি ক্রুইফ ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন।
ডাক পেয়েছেন যাঁরা: বিপ্লব, শহীদুল, মাজহারুল, মামুন, রায়হান, লিঙ্কন, তপু, নাসির, দিদারুল, ইয়াসিন, আতিকুর, ইয়ামিন, জামাল, মোবারক, জাহিদ, রুবেল, মামুনুল, সোহেল, তকলিচ, এমিলি, তৌহিদুল, আমিনুর, শাহেদুল, ইমন, হেমন্ত, মিঠুন, জুয়েল, বাদশা।