হাতে অস্ত্রোপচার হওয়ায় নিউজিল্যান্ড সিরিজে খেলা হয়নি তামিম ইকবালের। মোহাম্মদ আশরাফুল দলের বাইরে ছিলেন ফর্ম ছিল না বলে। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন পাঁচ ওয়ানডের সিরিজের ২০ সদস্যের প্রাথমিক দলে আছেন এই দুজনই।নিউজিল্যান্ড সিরিজে ইনজুরিতে পড়া মাশরাফি বিন মুর্তজা আর নাজমুল হোসেনও আছেন দলে। সদ্য শেষ হওয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন কেবল ডলার মাহমুদ। জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি শুরু হবে ৩১ অক্টোবর থেকে। প্রথম পর্যায়ে সেটি চলবে ১০ নভেম্বর পর্যন্ত।জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতির জন্য তৃতীয় রাউন্ডের পর থেকে জাতীয় দলের ক্রিকেটাররা আর জাতীয় লিগের প্রথম পর্বে খেলবেন না। তবে শেষ দুটি ম্যাচ ছাড়া ১৩ নভেম্বর থেকে শুরু দ্বিতীয় পর্বের বাকি ম্যাচগুলো তাঁরা খেলবেন। জিম্বাবুয়ে দলের আগামী ২৬ নভেম্বর ঢাকায় এসে পৌঁছানোর কথা। সিরিজ শুরু হওয়ার কথা ১ ডিসেম্বর থেকে, শেষ ম্যাচ ১২ ডিসেম্বর।জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দল: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, শাহরিয়ার নাফীস, জহুরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিক, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাঈম ইসলাম, মোহাম্মদ সোহরাওয়ার্দী, শফিউল ইসলাম, আবদুর রাজ্জাক, রুবেল হোসেন, সৈয়দ রাসেল, নাজমুল হোসেন, শাহাদাত হোসেন, শুভাগত হোম।