প্রাথমিক দলেও নেই জিমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাসেল মাহমুদ জিমিকে এশিয়া কাপের দলে রাখা হবে না—এমন আভাস আগেই পাওয়া গিয়েছিল। এশিয়া কাপের প্রস্তুতির জন্য গতকাল ফেডারেশন-ঘোষিত প্রাথমিক দল সে ধারণাটাকেই সত্যি প্রমাণ করল। ৪০ সদস্যের দলে নেই তিনি।

গত মার্চে বিশ্ব হকি লিগে ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ ও জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে অসহযোগিতার অভিযোগে জাতীয় দল সমন্বয় কমিটি জিমিকে জাতীয় দল ও আন্তর্জাতিক লিগ থেকে তিন বছরের জন্য বহিষ্কারের সুপারিশ করে। ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির পরবর্তী সভায় সেটি অনুমোদন হলেই কার্যকর হবে শাস্তি। তার আগে এশিয়া কাপ হকির প্রাথমিক দলেও তাঁকে না রাখার সিদ্ধান্ত এই আভাসই দিচ্ছে যে, ফেডারেশন সম্ভবত জাতীয় দল সমন্বয় কমিটির সুপারিশ বাস্তবায়নের দিকেই যাচ্ছে। অবশ্য ইউরোপিয়ান হকি লিগে খেলতে জিমি আগামীকাল জার্মানি চলে যাচ্ছেন।

জিমির সঙ্গে বিশ্ব হকি লিগের দল থেকে বাদ পড়েছেন তাপস বর্মণ, কৃষ্ণ কুমার, ইমরান হাসান পিন্টু ও কামরুজ্জামান রানা। তাঁদের বাদ পড়ার কারণ বাজে পারফরম্যান্স। আর প্রাথমিক দলে ফিরেছেন পুষ্কর খীসা মিমো ও হাসান যুবায়ের নিলয়। ডাক পাওয়া খেলোয়াড়দের আগামী ২ জুন জাতীয় দল সমন্বয় কমিটির প্রধান মাহবুব এহসান রানার কাছে রিপোর্ট করতে হবে। ৩ জুন থেকে কোচ অলিভার কার্টজের অধীনে শুরু হবে অনুশীলন ক্যাম্প। ১৪ অক্টোবর থেকে ঢাকায় শুরু হবে আট জাতির এশিয়া কাপ।