প্রাথমিক দলেও নেই নাফীস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট দলের উদ্বোধনী জুটিতে তামিম ইকবালের সম্ভাব্য সঙ্গীদের মাঝে ভাবা হচ্ছিল তাঁর নাম। অথচ সেই শাহরিয়ার নাফীস নেই ২৮ জনের প্রাথমিক দলেও! বিদায়ী প্রধান নির্বাচক আকরাম খান বললেন, বাজে ফর্মের কারণেই বিবেচনা করা হয়নি শাহরিয়ারকে। বাঁহাতি ব্যাটসম্যান জানালেন, তিনি নিজেও হতাশ নন, চেষ্টা চালিয়ে যাবেন নিজেকে ফিরে পাওয়ার।
জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের দল থেকে নিউজিল্যান্ড সিরিজের প্রাথমিক দলে নেই আরও দুজন। একটি নাম অবধারিতই—মোহাম্মদ আশরাফুল। আরেকটি নাম না থাকাও খুব অপ্রত্যাশিত নয়, শাহাদাত হোসেনের ফর্মও তো যাচ্ছেতাই!
নিউজিল্যান্ড দল ঘোষণা করে দিয়েছে বেশ আগেই। তবে বাংলাদেশ দলের বেশ কিছু জায়গা নিয়ে এখনো ঠিক নিশ্চিত হতে পারছেন না নির্বাচকেরা। এ জন্যই বুঝি প্রাথমিক দলে নতুন মুখের ছড়াছড়ি! ২৮ জনের প্রাথমিক দলে আছেন সৌম্য, নূর, আল আমিন, মুক্তারের মতো তরুণেরা। অনুমিতভাবেই ফিরেছেন মাশরাফি বিন মুর্তজা। ফেরার লড়াইয়ে থাকা বেশ কজনও আছেন প্রাথমিক দলে।
টপ-অর্ডারসহ টেস্ট দলে দু-তিনটি জায়গা আছে লুফে নেওয়ার। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন দিনের ম্যাচটি তাই অনেকের জন্যই পরীক্ষা। সম্ভাব্য ‘প্রার্থী’দের সবাইকে রাখা হয়েছে তিন দিনের ম্যাচের বিসিবি একাদশে।
নিউজিল্যান্ড সিরিজের প্রাথমিক দল: মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, এনামুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, ইলিয়াস সানি, জিয়াউর রহমান, মাশরাফি বিন মর্তুজা, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, আবদুর রাজ্জাক, নাঈম ইসলাম, সোহাগ গাজী, রুবেল হোসেন, মমিনুল হক, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, রবিউল ইসলাম, ফরহাদ রেজা, মেহরাব হোসেন, সাজিদুল ইসলাম, এনামুল হক জুনিয়র, আল আমিন হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুকতার আলি, নূর হোসেন।
প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ: মাহমুদউল্লাহ, এনামুল, জিয়াউর, জহুরুল, নাঈম, মমিনুল, শামসুর, মার্শাল, ফরহাদ রেজা, মেহরাব, সাজিদুল, সৌম্য, মুক্তার, নূর।