প্রাথমিক শুনানি ২৪ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৃঙ্খলা কমিটির পর গঠিত হয়ে গেছে তিন সদস্যের ট্রাইব্যুনালও। সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য আজমামুল হোসেন কিউসি এবং সাবেক ক্রিকেটার শাকিল কাসেম। বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্ত ৯ জনকে প্রাথমিক শুনানিতে ডেকেছে ট্রাইব্যুনাল। শুনানি হবে ২৪ নভেম্বর।
কাল টেলিফোনে জানতে চাইলে বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রশিদ বলেছেন, ‘আইসিসি থেকে কিছু বিষয় আমাদের কাছে পাঠানো হয়েছে। ট্রাইব্যুনাল গঠন সে জন্যই। ট্রাইব্যুনালের সদস্যরা ইতিমধ্যে তাঁদের প্রথম সভা করে অভিযুক্তদের প্রাথমিক শুনানিতে ডেকেছেন।’ বিপিএল ফিক্সিংয়ের সব বিচারকাজ এই একটা ট্রাইব্যুনাল দিয়ে হবে কি না জানতে চাইলে শৃঙ্খলা কমিটির প্রধান বলেছেন, ‘সেটা প্রাথমিক শুনানির পর বোঝা যাবে।’ শৃঙ্খলা কমিটির প্রধান হলেও শুনানিতে থাকবেন না সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রশিদ। তবে কেউ শাস্তির বিরুদ্ধে আপিল করলে তাঁর বক্তব্য শুনবেন তিনি।
বিপিএলের দ্বিতীয় আসরে স্পট ফিক্সিংয়ের অভিযোগে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বাংলাদেশের তিন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, মাহবুবুল আলম ও মোশাররফ হোসেনকে। অভিযুক্ত বাংলাদেশিদের তালিকায় আরও আছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক এবং ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক সেলিম চৌধুরী ও শিহাব চৌধুরী। বিদেশিদের মধ্যে আছেন এই ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী গৌতম রাওয়াত, শ্রীলঙ্কান ক্রিকেটার কৌশল্য লোকুয়ারাচ্চি ও ইংল্যান্ডের ড্যারেন স্টিভেন্স।