প্রানদেল্লির উত্তরসূরি ক্যানাভারো?

তাঁর মধ্যে এনজো বেয়ারজোতের ছায়া খুঁজে পেয়েছিল ইতালি। মনে হচ্ছিল সিজারে প্রানদেল্লির হাত ধরেই আবার ফিরবে ইতালির সোনালি দিন। কিন্তু ব্রাজিল বিশ্বকাপে প্রানদেল্লির ইতালি বিদায় নিল গ্রুপপর্ব থেকেই৷ প্রানদেল্লিও দেরি করেননি, ইতালির কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন সঙ্গে সঙ্গেই। ফুটবলবোদ্ধারা বলছেন, ইতালিকে শুরু করতে হবে নতুন করে। সেই শুরুটাও হওয়া উচিত নতুন কোনো কোচের হাতে। কে হবেন সেই কোচ? ২০০৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো প্রস্তুত।
শুরু হয়ে গেছে কোচদের বিদায়পর্ব। ইতালির সিজারে প্রানদেল্লির দেখানো পথ ধরেই হেঁটেছেন আইভরিকোস্ট কোচ সাবরি লামুশি। এবার বিদায় বলে দিলেন হন্ডুরাস, জাপান ও ইরানের কোচও। কাকতালীয়ই বটে, তিনটি দলের কোনো কোচই কিন্তু চাকরি হারাননি। বরং দলের ব্যর্থতার কারণ দেখিয়ে িনজেরাই পদত্যাগ করেছেন। বলা বাহুল্য, সবার বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে ব্যর্থতাতেই। ইরান ও জাপান তা-ও ১ পয়েন্ট করে পেয়েছে, হন্ডুরাসকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে বিশ্বকাপ থেকে।
তবে সবচেয়ে বেশি আলোচনা ইতালির কোচ নিয়ে। প্রানদেল্লির উত্তরসূরি কে হবেন? একজন প্রার্থীকে অবশ্য এখনই চাইলে নিয়ে নিতে পারে ইতালির ফুটবল ফেডারেশন। ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো জানিয়ে দিয়েছেন দায়িত্ব নিতে তিনি প্রস্তুত, ‘অবশ্যই জাতীয় দলের দায়িত্ব নিতে পারাটা হবে বিশেষ কিছু। কিন্তু এখনই সবকিছু বদলে ফেলা কঠিন। আমি তৈরি, তবে আমি জানি না (দায়িত্বটা পাব কি না)।’
এদিকে হন্ডুরাসের কোচ লুইস সুয়ারেজ পদত্যাগের পর জানিয়েছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে যে ফলটা আমরা চাচ্ছিলাম সেটা পাইনি। পুরো দেশ হতাশ। পরের রাউন্ডে যেতে না পারায় আমি নিজেও ব্যথিত। আমাদের স্বপ্নই ছিল ওটা। আমি পাঁচ মিনিট আগে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন পরিবর্তনের সময়।’
হতাশ হওয়ার কারণ আছে জাপানেরও। ‘সি’ গ্রুপ থেকে পরের পর্বে যাওয়ার মতো সব সম্ভাবনাই ছিল নীল সামুরাইদের। সেটা পূরণ না হওয়ার ব্যর্থতা নিজের কাঁধেই নিচ্ছেন কোচ আলবার্তো জাকেরনি, ‘আমি হতাশ, ফল নিয়ে আমি সন্তুষ্ট নই। আমি দলকে দ্বিতীয় রাউন্ডে নিয়ে যেতে চেয়েছিলাম, পারিনি। কিন্তু আমিই দল নির্বাচন করেছি, কৌশল ঠিক করেছি। পুরো দায়টা নিজের কাঁধেই নিচ্ছি।’
ইরানের কোচ কার্লোস কুইরোজের কারণটা একটু অন্য রকম। ব্যর্থতা নয়, কুইরোজ চাকরি ছেড়েছেন কর্তৃপক্ষের সঙ্গে আর্থিক ব্যাপারে বনিবনা না হওয়ায়। মজার একটা উপমাও টেনেছেন, ‘আমি আমার দায়বদ্ধতা দেখিয়েছি। কিন্তু সেটা বাড়ানোর ব্যাপারে আমি কোনো আগ্রহ দেখিনি। আমি ইরানের প্রেমে পড়েছি। কিন্তু যেখানে বিয়ে করতে একজনই শুধু রাজি, বিয়েটা হবে কীভাবে?’ গোলডটকম, ইয়াহুস্পোর্টস৷