প্রানদেল্লির দুশ্চিন্তা বালাতেল্লি
ইতালির কোচ সিজার প্রানদেল্লি বেশ চিন্তায় আছেন। চিন্তাটা মূলত তাঁর দলের স্ট্রাইকিং পজিশন নিয়ে। এসি মিলানের মাথা গরম অ্যান্তোনিও কাসানোর সঙ্গে যে তাঁকে জোড়া বাঁধতে হবে ম্যানচেস্টার সিটির ‘পাগুলে’ মারিও বালাতেল্লিকে দিয়ে। এঁরা দুজনে মিলে ইতালির আক্রমণ ভাগকে না আবার ডুবিয়ে ছাড়েন! দল যা-ই হোক, আপাতত প্রানদেল্লির দুশ্চিন্তার কারণ এটিই।ভিলারিয়েলের ফরোয়ার্ড গিউসেপ্পে রসি থাকলেও একটা কথা ছিল। কিন্তু ইনজুরিতে আক্রান্ত হয়ে রসি এখন মাঠের বাইরেই দিন কাটাচ্ছেন। তাঁকে আপাতত ইতালি দলের পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই জেনে গেছেন প্রানদেল্লি। কাসানোকেও না হয় বুঝিয়ে-শুনিয়ে নেওয়া যাবে। কিন্তু বালাতেল্লি আসলেই প্রানদেল্লির উদ্বেগ হিসেবে দেখা দিয়েছেন। এর মূল কারণ, মাঠে ও মাঠের বাইরে বালাতেল্লির বিভিন্ন ধরনের বাজে আচরণ। নিজের বাথরুমে আগুন লাগিয়ে দেওয়া থেকে শুরু করে টোটেনহ্যাম হটসপারের স্টক পার্কারকে মাথায় লাথি মারা, কী করেননি এই বালাতেল্লি। ভালো খেলোয়াড় হওয়া সত্ত্বেও ম্যানচেস্টার সিটি কোচ মানচিনি তাঁকে সাইড বেঞ্চে বসিয়ে শাস্তি দিয়েছেন। এখন ইতালি দলে সেই বালাতেল্লি এসে পড়েছেন প্রানদেল্লির হাতে। কিন্তু সত্যিই প্রানদেল্লির কাছে বিকল্পের যে বড্ড অভাব।ইতালিকে নিয়ে এই ইউরোয় কেউ বেশি কিছু ভাবছেন না। তাদের নিয়ে ভাবনাটা আসলে মিইয়ে গেছে ২০০৬ সালের বিশ্বকাপ জয়ের পরপরই। একটি সোনালি প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি ২০০৬ সালে বিশ্বকাপ জয়ের পরপরই যেন হারিয়ে গেল কোনো এক অতল গহ্বরে। ২০০৮ সালের ইউরোর কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়ার পর ২০১০ সালের বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায়। এবারের ইউরো আসলে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে নিজেদের নবপ্রজন্মকে একটু বাজিয়ে দেখারও মিশন। কাসানো ও বালাতেল্লি প্রতিনিধিত্ব করছেন এই নব প্রজন্মের। আচার-আচরণে মাঝেমধ্যেই অঘটন ঘটিয়ে ফেলার কুখ্যাতি থাকার পরেও কাসানো ও বালাতেল্লির খেলোয়াড়ি স্কিল নিয়ে আসলে বলার কিছু নেই। প্রানদেল্লি মূলত নির্ভর করে আছেন এই দুই খেলোয়াড়ের প্রতিভার ওপরই। তিনি দলের অন্যান্য খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যেও ভাগ করে দিয়েছেন বিভিন্ন দায়িত্ব। এই দায়িত্ব মূলত, মাথা গরম এ দুই স্ট্রাইকারকে একটু সামলে-সুমলে রাখা। বালাতেল্লি অদ্ভুত-অদ্ভুত সব সমস্যা তৈরি করেছেন তাঁর ক্লাবগুলোতে। ইন্টার মিলানে থাকার সময় তিনি স্যামুয়েল ইতোর আগে পেনাল্টি নেবেন, এ দাবিতে অটল ছিলেন। ম্যানচেস্টার সিটির বেশ কয়েকটি ম্যাচে যার ফ্রি-কিক নেওয়ার কথা, তাঁকে হতভম্ব করে দিয়ে আগ-বাড়িয়ে ফ্রি-কিক করে দিয়েছেন। এ জন্য মানচিনির গালমন্দও তাঁকে কম শুনতে হয়নি। ম্যানচেস্টার সিটিতে তিনি এমন কিছু আচরণ করেছিলেন, যার জন্য মানচিনি তাঁকে ক্ষমা চাইতে বলেন, অথচ এখনো নাকি তিনি ক্ষমা প্রার্থনার ব্যাপারে মানচিনিকে অপেক্ষায় রেখেছেন। মাঝেমধ্যে তিনি এমন আচরণ করেছেন, যেন ফুটবল খেলতে তাঁর প্রচণ্ড বিরক্তি। অথচ এই ফুটবলই কিন্তু তাঁর রুটি-রুজির সংস্থান করছে।ইউরো চ্যাম্পিয়নশিপে ইতালি কেমন ফল করবে, তার চেয়েও বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বালাতেল্লিকে প্রানদেল্লি কীভাবে সামলাবেন। এমনও হতে পারে, কাসানোর সঙ্গেই লেগে যেতে পারে বালাতেল্লির। ও রকম পরিস্থিতিতে নিশ্চয়ই পড়তে চাইবেন না প্রানদেল্লি। তাই তাঁর প্রচেষ্টাটা প্রাণান্তকরই।